ইউরোপের বিভিন্ন দেশে স্কুল, সুপারমার্কেট ও গুরুত্বপূর্ণ স্থাপনায় ধারাবাহিক হুমকি; রাশিয়া ও ইরানের সংশ্লিষ্টতা অস্বীকার
ইতালিতে প্রায় ৬ হাজার ৩০০টি স্কুলে বোমা হামলার হুমকি পাওয়ার পর বুধবার শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ইউরোপজুড়ে সুপারমার্কেট, ব্লাড ব্যাংক, বিমান চলাচল ও সম্প্রচার কেন্দ্রগুলোকে লক্ষ্য করে সাম্প্রতিক সময়ে চলা ধারাবাহিক হুমকি ও সাইবার হামলার অংশ হিসেবে ঘটনাটিকে দেখা হচ্ছে।
স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড ও আয়ারল্যান্ড প্রজাতন্ত্রও জানিয়েছে, তাদের অনেক স্কুল বিদেশ থেকে ইমেইলে একই ধরনের হুমকি পেয়েছে। তবে এসব হুমকিকে গুজব বা ভুয়া সতর্কবার্তা হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফলে সেখানে ক্লাসের স্বাভাবিক কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটেনি।
আতঙ্কে সন্তানদের নিতে ছুটে যান অভিভাবকেরা
ইতালিতে সতর্কবার্তা পাওয়ার পরপরই স্কুলগুলো দ্রুত বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে অনেক অভিভাবক কাজ ফেলে সন্তানদের নিতে স্কুলে ছুটে যান।
রোমের মাৎসিনি মিডল স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক নেনসি বেগো বলেন, ‘আমার মেয়ে কাঁদতে শুরু করে, কারণ শিশুরা বুঝতে পারছিল না আসলে কী ঘটছে। যখন আমি ওকে আনতে যাই, তখনো সে বেশ আতঙ্কিত ছিল।’
তিনি আরও বলেন, ‘এটি খুবই বিরক্তিকর। এটি নিছক একটি গুজব, যা পড়াশোনা এবং সবার দিনকে ব্যাহত করছে।’
প্রধানমন্ত্রী মেলোনিকেও হুমকি
হুমকির ইমেইলের একটি কপিতে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকেও নিশানা করার হুমকি দেওয়া হয়েছে। তবে তিনি জানিয়েছেন, বোমা হামলার সতর্কবার্তাগুলোর পেছনে কোনো বাস্তব ঝুঁকি নেই। পুলিশসহ সরকারি সংস্থাগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
রোমের একটি স্কুল মেসেজিং অ্যাপের মাধ্যমে অভিভাবকদের জানায়, ‘সব শিক্ষার্থীকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে এবং তারা শিক্ষকদের তত্ত্বাবধানে রয়েছে।’
ইতালিতে পাঠানো ইমেইলটির একটি কপিতে স্বাক্ষরকারী হিসেবে ‘ভিলায়েত অব মিসোজিনিস্তান’-এর নেতা মিখাইল আন্দ্রোপভের নাম উল্লেখ করা হয়েছে।
জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, স্কুলগুলোর ইমেইল ঠিকানা সবার জন্য উন্মুক্ত থাকায় এ ধরনের হুমকি পাঠানো সহজ ছিল। গত শুক্রবার আয়ারল্যান্ড ও বুলগেরিয়ার সংবাদমাধ্যমগুলোর কার্যালয়েও ইমেইলে বোমা হামলার হুমকি পাঠানোর দায় একই কথিত ব্যক্তি স্বীকার করেন।
রাশিয়া ও ইরানের সংশ্লিষ্টতা নিয়ে সন্দেহ
ইউরোপের কয়েকটি দেশের কর্মকর্তাদের সন্দেহ, রাশিয়া এই প্রচারণার পেছনে থাকতে পারে। তাঁদের ধারণা, ইউক্রেনে রাশিয়ার হামলার পর যেসব ইউরোপীয় দেশ কিয়েভকে সমর্থন দিচ্ছে, সেসব দেশের দৈনন্দিন জনজীবন ব্যাহত করতেই এ ধরনের কর্মকাণ্ড চালানো হচ্ছে।
তবে রাশিয়া এ অভিযোগ অস্বীকার করেছে। একই সঙ্গে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে অপপ্রচার চালানোর পাল্টা অভিযোগও তুলেছে মস্কো।
এ ঘটনায় ইরানের সংশ্লিষ্টতা নিয়েও সন্দেহ করা হচ্ছে। গত সপ্তাহে শত শত সুপারমার্কেটের রেফ্রিজারেটর অকার্যকর করে দেওয়ার সাইবার হামলার জন্য তেহরানকে দায়ী করার পর মঙ্গলবার ইরানের রাষ্ট্রদূতকে তলব করে ফ্রান্স।
তবে ইরান এসব অভিযোগকে ‘ভিত্তিহীন ও শত্রুভাবাপন্ন’ বলে প্রত্যাখ্যান করেছে।
আতঙ্ক ছড়ানোর কৌশল বলছে ইতালি
সংবাদ সংস্থা আদিনোক্রোনোসের তথ্য অনুযায়ী, ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রসেতো বলেছেন, বুধবারের হুমকিগুলো ‘ভয় ছড়ানোর এবং উদ্বেগ তৈরি করার’ একটি সুনির্দিষ্ট কৌশলের অংশ।
তিনি বলেন, ‘এটি সবসময় যে বিদেশি দেশ বা শত্রুভাবাপন্ন শক্তির কাজ, তা নয়। এমন কিছু লোকও রয়েছে, যারা প্রচার পেতে চায় এবং উন্মাদ প্রকৃতির, যারা এমন সময়ে কোনো শহর বা অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে দিতে উন্মুখ।’
ইতালীয় স্কুল প্রিন্সিপাল অ্যাসোসিয়েশনের প্রধান আন্তোনেল্লো জান্নেল্লি বলেন, সতর্কবার্তাগুলো শিক্ষার্থী, পরিবার এবং স্কুলের শিক্ষক-কর্মচারীদের জন্য অত্যন্ত বিচলিত করার মতো ছিল।
তিনি আরও বলেন, ‘আজকের হুমকিগুলো স্পষ্টতই ভুয়া হওয়া সত্ত্বেও, এই ধরনের ঘটনাগুলোর পরিণতিকে আমরা অবমূল্যায়ন করতে পারি না। এসব ঘটনা পুরো স্কুলকে আতঙ্কিত করে এবং শিক্ষা কার্যক্রমের স্বাভাবিক ধারাকে ব্যাহত করে।’

