আইনি ঝুঁকি, অর্থায়ন জটিলতা ও রাজনৈতিক বিরোধিতায় যুক্তরাষ্ট্রের বন্দরে ভিড়তে পারছে না রুশ ডিজেলবাহী ট্যাংকার
রাশিয়ার জ্বালানি রপ্তানির ওপর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাময়িকভাবে নিষেধাজ্ঞা শিথিল করলেও দেশটির ডিজেল আমদানিতে আগ্রহ দেখাচ্ছে না যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো। রাশিয়ার ডিজেলভর্তি একটি ট্যাংকার ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের কাছাকাছি সমুদ্রে অপেক্ষা করছে। তবে আইনি ঝুঁকি, অর্থায়ন জটিলতা ও তীব্র রাজনৈতিক বিরোধিতার কারণে জাহাজটি এখনো কোনো মার্কিন বন্দরে ভিড়তে পারেনি।
জ্বালানির দাম কমাতে ট্রাম্পের উদ্যোগ
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়েছে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন ডিজেলের দাম ছিল ৩ দশমিক ৭৬ ডলার। বর্তমানে তা ৬৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ১৩ ডলারে।
দেশটির অভ্যন্তরীণ বাজারে ডিজেলের দাম কমানোর উদ্যোগ হিসেবে গত মাসে ট্রাম্প প্রশাসন রাশিয়াকে ধাপে ধাপে ১৮ লাখ টন ডিজেল রপ্তানির সাময়িক সুযোগ দেয়। এ জন্য মার্কিন ট্রেজারি বিভাগ একটি সাধারণ লাইসেন্সও জারি করে। তবে প্রশাসনের এই উদ্যোগের পরও মার্কিন কোম্পানিগুলো রাশিয়ার ডিজেল কিনতে আগ্রহী নয়।
নিষেধাজ্ঞা লঙ্ঘনের আইনি ঝুঁকি
বিশেষজ্ঞদের মতে, ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মস্কোর ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন, মার্কিন কংগ্রেস তা আইনে পরিণত করে। ফলে ট্রাম্প প্রশাসনের সাময়িক ছাড় থাকলেও রুশ ডিজেল আমদানি নিয়ে আইনি জটিলতা থেকে যাচ্ছে।
সাবেক নিষেধাজ্ঞা-বিষয়ক কর্মকর্তা জেরেমি প্যানার ও ডেভিড ট্যানেনবামের মতে, সস্তায় রাশিয়ার ডিজেল কিনে কোম্পানিগুলো যে অর্থ সাশ্রয় করবে, ভবিষ্যতে কংগ্রেসের তদন্ত মোকাবিলায় আইনি খরচ তার চেয়ে কয়েক লাখ ডলার বেশি হতে পারে।
এ ছাড়া যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা লঙ্ঘনের ঝুঁকিও রয়েছে। এ কারণে ব্যাংকগুলো এ ধরনের চুক্তিতে অর্থায়ন করতে রাজি হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্যানারের ভাষায়, ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য এ ধরনের লেনদেন এড়িয়ে চলাই সবচেয়ে সহজ সিদ্ধান্ত।
রাজনৈতিক বিরোধিতাও বড় বাধা
রাশিয়ার ডিজেল আমদানির সিদ্ধান্তের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিরোধিতাও জোরালো হয়েছে। ছয়জন রিপাবলিকানসহ কয়েক ডজন মার্কিন সিনেটর ট্রাম্পকে এই চুক্তি বাতিলের আহ্বান জানিয়েছেন।
হাউস জুডিশিয়ারি কমিটির সদস্য জেমি রাস্কিন তেল কোম্পানিগুলোকে সতর্ক করে বলেছেন, বর্তমান প্রশাসন ক্ষমতা ছাড়ার পরও ১০ বছর পর্যন্ত এই বেআইনি লেনদেনের জন্য আমদানিকারকদের দায়বদ্ধ থাকতে হতে পারে।
অন্যদিকে, নিউ জার্সির ডেমোক্র্যাট গভর্নর মিকি শেরিল স্থানীয় বন্দর ও টার্মিনাল কর্মকর্তাদের রাশিয়ার ডিজেল গ্রহণ না করার নির্দেশ দিয়েছেন। তাঁর বক্তব্য, এ ধরনের চালান গ্রহণ করা ফেডারেল আইনের স্পষ্ট লঙ্ঘন।
ডিজেলের মান নিয়েও জটিলতা
আইনি ও রাজনৈতিক বাধার পাশাপাশি রাশিয়ার ডিজেল ব্যবহারের উপযোগী করা নিয়েও জটিলতা রয়েছে। জ্বালানি বিশ্লেষক নাটালিয়া লোসাডার মতে, নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জের নির্ধারিত মান পূরণ করতে রাশিয়ার এই ডিজেলের সঙ্গে অতিরিক্ত উপাদান মেশাতে হবে। এই প্রক্রিয়াও আমদানিকারকদের নিরুৎসাহিত করছে।
সমুদ্রে অপেক্ষমাণ ট্যাংকার
জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের উদ্দেশে আসা রাশিয়ার ডিজেলবাহী প্রথম ট্যাংকারটি দেশটির পূর্ব উপকূলের কাছাকাছি এসে যাত্রা থামিয়েছে। জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান জানিয়েছে, এর চূড়ান্ত গন্তব্য এখনো নির্ধারিত হয়নি।
পরামর্শক প্রতিষ্ঠান রিস্ট্যাড এনার্জির ভাইস প্রেসিডেন্ট জানিভ শাহের ধারণা, প্রথম ট্যাংকারটি মার্কিন বন্দরে ভিড়তে না পারলে পথে থাকা পরবর্তী জাহাজগুলোর জন্যও বড় প্রতিবন্ধকতা তৈরি হবে।
মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট আশা প্রকাশ করেছেন, ট্যাংকারটি যুক্তরাষ্ট্রের বন্দরে ভিড়তে না পারলেও বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে ভূমিকা রাখবে। বিশ্লেষকদের ধারণা, মার্কিন বন্দরে প্রবেশের সুযোগ না পেলে এসব চালান শেষ পর্যন্ত ব্রাজিল কিংবা রাশিয়ার ডিজেলের অন্যান্য প্রচলিত গন্তব্যে চলে যেতে পারে।

