রবিবার, ২২ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে বাসে আগুন, অগ্নিসংযোগ নাকি যান্ত্রিক ত্রুটি তদন্তে পুলিশ

দুই যাত্রী নেমে যাওয়ার পর বাসের পেছনে আগুন, হতাহতের খবর নেই

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। অগ্নিসংযোগ নাকি যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্ত করছে পুলিশ। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার রাত ১২টার দিকে সাইনবোর্ড এলাকায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক জুলহাস উদ্দিন।

দুই যাত্রী নেমে যাওয়ার পর আগুন

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, মঞ্জিল পরিবহনের বাসটিতে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় বাসে থাকা দুই যাত্রী দ্রুত নেমে পড়েন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, তাঁদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিসংযোগের সন্দেহ চালকের

জাহাঙ্গীর আলম জানান, বাসচালক বলেছেন, বাসে দুজন যাত্রী ছিলেন। তাঁরা নেমে যাওয়ার পরই বাসের পেছনে আগুন দেখতে পান তিনি। চালকের ধারণা, যাত্রীবেশে ওই দুই ব্যক্তি বাসে আগুন লাগিয়ে দ্রুত নেমে যান।

তবে অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেনি পুলিশ।

তদন্ত করছে হাইওয়ে পুলিশ

হাইওয়ে পুলিশের পরিদর্শক জুলহাস উদ্দিন বলেন, বাসে দুজন যাত্রী ছিলেন। তাঁরা নেমে যাওয়ার পরই আগুন দেখা যায়। বাসে অগ্নিসংযোগ নাকি যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে, তা নিয়ে তদন্ত চলছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন