শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

রাজধানীতে ডিএমপির অভিযান, এক দিনে গ্রেফতার ৪৭৪

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৭৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় দুটি হাতবোমা, বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশি অস্ত্র ও ১১১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। অভিযানে ৪৮টি মামলা দায়ের করেছে পুলিশ।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ ৪৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

বিভাগভিত্তিক গ্রেফতার

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ডিএমপির রমনা বিভাগে ৪০, লালবাগ বিভাগে ৫০, ওয়ারী বিভাগে ৫২, মতিঝিল বিভাগে ৪৭, তেজগাঁও বিভাগে ৬৩, মিরপুর বিভাগে ১০৩, গুলশান বিভাগে ৪৮, উত্তরা বিভাগে ৫৩ এবং গোয়েন্দা বিভাগে ১৮ জন রয়েছেন।

যা উদ্ধার হয়েছে

অভিযানকালে দুটি হাতবোমা, আটটি ছুরি, দুটি চাপাতি, একটি রামদা, একটি অটোরিকশা ও ১১১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ ছাড়া ৫ হাজার ৭২০ পিস ইয়াবা, ৩৩ কেজি ২ গ্রাম গাঁজা এবং পাঁচ বোতল দেশি মদ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে একজন ভিকটিমকেও উদ্ধার করেছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন