রবিবার, ৮ নভেম্বর ২০২৬

সাতক্ষীরায় ১ কোটি ৩৮ লাখ টাকার হেরোইন ও তৈরির কাঁচামাল জব্দ

বিজিবির পৃথক অভিযানে ২ কেজি ৬৬ গ্রাম হেরোইন ও পাঁচ বোতল রাসায়নিক উপাদান উদ্ধার

সাতক্ষীরার সীমান্তবর্তী দেবহাটা উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক দুটি অভিযানে ১ কোটি ৩৮ লাখ ৮২ হাজার টাকা মূল্যের ভারতীয় হেরোইন ও হেরোইন তৈরির রাসায়নিক কাঁচামাল জব্দ করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পাঁচ বোতল রাসায়নিক কাঁচামাল জব্দ

বিজিবি জানায়, গত ৩ নভেম্বর সকালে গোপন সংবাদের ভিত্তিতে শাখরা বিওপির একটি টহল দল দেবহাটা উপজেলার সীমান্ত এলাকার শাখরা ব্রিজসংলগ্ন বাঁশবাগানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত ভারতীয় ‘মার্টিনি ড্রাগস’ লেখা ২০০ মিলিলিটারের পাঁচটি বোতল জব্দ করা হয়। এসব কাঁচামালের আনুমানিক বাজারমূল্য ৯৭ লাখ ৫০ হাজার টাকা।

২ কেজির বেশি হেরোইন উদ্ধার

এরপর গত ৫ নভেম্বর একই বিওপির সদস্যরা দেবহাটা উপজেলার কুলিয়া রোডের ঋষিপাড়া বড় বাগান এলাকায় পৃথক অভিযান চালান। এ সময় ২ কেজি ৬৬ গ্রাম ভারতীয় হেরোইন জব্দ করা হয়। জব্দ করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৪১ লাখ ৩২ হাজার টাকা।

বিজিবি জানায়, জব্দ করা মাদকদ্রব্য ও রাসায়নিক কাঁচামাল বৈজ্ঞানিক পরীক্ষার জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে পাঠানো হয়। পরীক্ষায় সেগুলো মাদক ও মাদক তৈরির নিষিদ্ধ উপাদান হিসেবে শনাক্ত হয়।

অভিযান অব্যাহত রাখার ঘোষণা

নীলডুমুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ বাসসকে জানান, জব্দ করা ভারতীয় মালামাল পরীক্ষাগারে পাঠানোর পর সেগুলো মাদক ও মাদক তৈরির নিষিদ্ধ উপাদান হিসেবে শনাক্ত হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন