ডিবি পুলিশের অভিযান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা, মাদক ও অস্ত্রের একাধিক মামলা রয়েছে বলে দাবি পুলিশের
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসায়ী। তাঁদের বিরুদ্ধে হত্যা, মাদক ও অস্ত্রসংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) রাত ১১টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন শান্তিনগর ক্যানেলপাড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
যেভাবে গ্রেপ্তার
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশে জেলাব্যাপী মাদক ও অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে ডিবি ‘ক’ জোনের এসআই মিজানুর রহমান, পিপিএম, এসআই মফিজুল ইসলাম, পিপিএম এবং এসআই মাহমুদুর রহমানের সমন্বয়ে গঠিত দল অভিযান চালায়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আসামিদের পিসি/পিআর যাচাই করে তাঁদের বিরুদ্ধে একাধিক হত্যা, মাদক ও অস্ত্র মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
অস্ত্র কেনাবেচার অভিযোগ
পুলিশের দাবি, নারায়ণগঞ্জের বন্দর এলাকায় জমি দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ও হত্যাকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে আসামি জসিম মেহেরপুর সীমান্তের একজন অস্ত্র চোরাকারবারির সঙ্গে যোগাযোগ করে দীর্ঘদিন ধরে অস্ত্র কেনাবেচা করে আসছিলেন।
এরই ধারাবাহিকতায় মেহেরপুর থেকে অস্ত্র নিয়ে কেনাবেচার উদ্দেশ্যে সিদ্ধিরগঞ্জের শান্তিনগর ক্যানেলপাড় এলাকায় অবস্থানকালে তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় অস্ত্র উদ্ধারের অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন:
১. জসিম উদ্দিন ওরফে শিষনাগ জসিম (৪৫)। তাঁর পিতা মৃত দ্বীন মোহাম্মদ ও মাতা মৃত সবুরা খাতুন। স্থায়ী ঠিকানা আকুর ঠাকুরপাড়া, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল। বর্তমানে পাইনাদি বিল, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ এলাকায় থাকেন।
২. মো. শফিকুর রহমান রনি (৩৫)। তাঁর পিতা মৃত মো. দুলাল হোসেন ও মাতা বিলকিস বেগম। ঠিকানা উত্তর হাজীগঞ্জ পাঠানটুলি, বাবুল সাহেবের বাসা, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
৩. মো. লিটন ওরফে পাইলট লিটন (৪৫)। তাঁর পিতা মৃত আবুল কাশেম ও মাতা সুফিয়া বেগম। স্থায়ী ঠিকানা মরিচ বুনিয়া, পটুয়াখালী সদর, পটুয়াখালী। বর্তমানে শান্তিনগর, কামাল হোসেন হাজীর বাড়ি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ এলাকায় থাকেন।

