সুপারি বাগানে হামলার ঘটনায় আটক দুই যুবক কারাগারে, মামলায় আসামি পাঁচজনসহ অজ্ঞাত আটজন
লক্ষ্মীপুরের রায়পুরে নিজেদের সুপারি বাগানে বসে মাদক সেবনে বাধা দেওয়ায় দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয়দের সহায়তায় আটক দুই যুবককে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
শনিবার দুপুরে রায়পুর পৌরসভার মধুপুর মিঝি বাড়ি এলাকার একটি সুপারি বাগানে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) মেহের আলী।
আহত দুই ভাই হাসপাতালে
আহতরা হলেন রায়পুর বাজারের কসমেটিকস ব্যবসায়ী রিয়াজ ভূঁইয়া ও তাঁর সহোদর কাতারপ্রবাসী রাকিব ভূঁইয়া। তাঁদের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আটক দুজন হলেন মধুপুর গ্রামের কসাই বাড়ির আক্তার হোসেনের ছেলে মুরাদ হোসেন ও শাওন হোসেন। মামলায় নাম থাকা অন্য আসামিরা হলেন সাগর হোসেন, তারেক হোসেন ও রকি হোসেন।
মাদক সেবনে বাধা দেওয়ায় হামলার অভিযোগ
মামলার বরাতে পুলিশ জানায়, শনিবার জমি পরিমাপের কাজ দেখতে নিজেদের সুপারি বাগানে যান রিয়াজ ও রাকিব। সেখানে কয়েকজনকে মাদক সেবন করতে দেখে তাঁদের বাগান থেকে চলে যেতে বলেন দুই ভাই।
এতে ক্ষিপ্ত হয়ে মুরাদ ফোন করে তাঁর সহযোগীদের ডেকে আনেন বলে অভিযোগে বলা হয়েছে। পরে হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে দুই ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে।
এ সময় স্থানীয়রা মুরাদ ও শাওনকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন।
হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ
চিকিৎসাধীন রিয়াজ ভূঁইয়া অভিযোগ করেন, “মাদক সেবনে বাধা দেওয়ায় চিহ্নিত মাদকাসক্তরা আমাদের হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে।”
রায়পুর বাজার ব্যবসায়ী কল্যাণ ফেডারেশনের সভাপতি ও আহত দুই ভাইয়ের ভগ্নিপতি ইব্রাহিম খান জানান, এ ঘটনায় রায়পুর থানায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আটজনকে আসামি করে মামলা করা হয়েছে।

