দুষ্কৃতকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জামায়াত আমিরের
ডাকসুর ভিপি ও জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আবু সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ চেষ্টার নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (২২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ নিন্দা জানান তিনি।
হামলাকে কাপুরুষোচিত বললেন জামায়াত আমির
ফেসবুক পোস্টে শফিকুর রহমান বলেন, রোববার রাত ৩টার পর আবু সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা জড়িত বলে অভিযোগ করেন তিনি।
তিনি এ হামলাকে কাপুরুষোচিত উল্লেখ করে বলেন, দ্রুত দুষ্কৃতকারীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিষ্ক্রিয়তার অভিযোগ
পোস্টে শফিকুর রহমান আরও বলেন, একের পর এক পতিত ফ্যাসিস্টরা তাণ্ডব চালিয়ে যাচ্ছে। সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চরম নিষ্ক্রিয়তা ও উদাসীনতাকে এর জন্য প্রধানত দায়ী করেন তিনি।
তিনি বলেন, এ বিষয়ে সরকার সঠিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর খেসারত হিসেবে চরম মূল্য দিতে হবে। এভাবে আর নীরব বসে থাকার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন জামায়াত আমির।

