প্রযুক্তি ডেস্ক, প্রান্তকাল
চ্যাটজিপিটি বা ক্লডের ব্যবহারের সীমা কতটা ফুরিয়েছে, আর কখন সেই সীমা আবার চালু হবে—এসব তথ্য ম্যাকের ডকেই দেখা যাবে। ডেনমার্কের ডিজাইনার মাইকেল ফ্লারাপের তৈরি ‘আইকনসোয়াপার’ (IconSwapper) নামের নতুন অ্যাপ চালু করেছে এ সুবিধা।
টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, চ্যাটজিপিটি, ক্লড ও কার্সরের জন্য আইকনসোয়াপারে ‘লাইভ আইকন’ তৈরি করা যায়। ব্যবহারকারী আইকনসোয়াপারে সংশ্লিষ্ট অ্যাপটি নির্বাচন করে এ সুবিধা চালু করতে পারবেন। এরপর ব্যবহারের তথ্য বদলালে আইকনেও তার প্রতিফলন দেখা যাবে। ডকের পাশাপাশি কমান্ড–ট্যাব চেপে অ্যাপ বদলানোর সময়ও কাস্টমাইজ করা আইকন দেখা যায়।
এআই ব্যবহারের হিসাব দেখানোর বাইরেও ম্যাকের বিভিন্ন অ্যাপের আইকনে গতিশীল নকশা যোগ করা যায়। যেমন, সাফারিতে পেজ লোড বা ডাউনলোডের সঙ্গে আইকনের কম্পাস নড়তে পারে। ফাইন্ডারের পরিচিত মুখটির চোখও পর্দায় মাউসের পয়েন্টার অনুসরণ করতে পারে। অ্যাপটিতে বিকল্প আইকনের সংগ্রহ রয়েছে। চাইলে ব্যবহারকারী নিজের তৈরি আইকনও যোগ করতে পারবেন।
ম্যাকওএসে সিস্টেম আইকন বদলানোর সীমাবদ্ধতা সামলাতে ফ্লারাপ এমন একটি পদ্ধতি ব্যবহার করেছেন, যাতে মূল আইকনের ওপর নতুন দৃশ্য আঁকা হয়। তিনি টেকক্রাঞ্চকে জানিয়েছেন, অ্যাপটি অ্যাপলের মেটাল গ্রাফিকস প্রযুক্তি ব্যবহার করে তাৎক্ষণিকভাবে আইকনের দৃশ্য হালনাগাদ করে।
প্রতিবেদন অনুযায়ী, উদ্বোধনী অফারে আইকনসোয়াপারের দাম ১৯ মার্কিন ডলার। অফার শেষে এককালীন মূল্য হবে ২৯ ডলার।

