রবিবার, ৪ অক্টোবর ২০২৬

ঢাকার যানজট কমাতে ইনার সার্কুলার রিং রোড প্রকল্পে গতি বাড়ানোর নির্দেশ

ঢাকা মহানগরের যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক (ইনার সার্কুলার রিং রোড) নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইনার সার্কুলার রিং রোড নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনায় অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে সমন্বিতভাবে প্রকল্পের বিদ্যমান পরিকল্পনা পর্যালোচনা করে নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে দ্রুত তা দূর করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করে প্রকল্পের কাজ শেষ করার জন্য একটি বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণের নির্দেশনা দেন তিনি।

সভায় প্রকল্পের কাজে দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। রাজধানীর যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক নির্মাণ প্রকল্পের বাস্তবায়ন ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন উপস্থিত ছিলেন।

এ ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন