রবিবার, ৪ অক্টোবর ২০২৬

সরকারি কর্মকর্তাদের বাসভবনে সৌর প্যানেল স্থাপনে উৎসাহ প্রতিমন্ত্রীর

হাট-বাজার থেকে আদায় করা রাজস্বের ১০ থেকে ১৫ শতাংশ অর্থ সৌর প্যানেল স্থাপনে ব্যয় করার জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে সরকারি কর্মকর্তাদের নিজ নিজ বাসভবনেও সৌর প্যানেল স্থাপনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে আয়োজিত ‘সৌর বিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় প্রতিমন্ত্রী সম্প্রতি চীন সফরে বৃহৎ পরিসরে সৌরবিদ্যুৎ উৎপাদন প্রত্যক্ষ করার অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণে স্থানীয় পর্যায়ে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিমন্ত্রী সড়ক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের স্বচ্ছ বাস্তবায়নে সব উপজেলা নির্বাহী প্রকৌশলীকে আরও তৎপর থাকার নির্দেশ দেন।

তিনি বলেন, দেশে এ পর্যন্ত প্রায় ৬ হাজার কিলোমিটার সড়ক পাকা করা হয়েছে। তবে এসব সড়কের অনেকগুলোতে প্রশস্তকরণ, পুনর্নির্মাণ ও দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণের প্রয়োজন রয়েছে। এ জন্য সংশ্লিষ্টদের রাস্তা প্রশস্তকরণ, পুনর্নির্মাণ ও বৃহৎ রক্ষণাবেক্ষণ প্রকল্পের প্রস্তাব পাঠানোর আহ্বান জানান তিনি।

মীর শাহে আলম বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী প্রায় ৫ হাজার কিলোমিটার গ্রামীণ সড়কের রক্ষণাবেক্ষণ প্রকল্প অনুমোদন করেছেন। সারা দেশ থেকে রক্ষণাবেক্ষণ প্রকল্পের প্রস্তাব এলে মূল বাজেট থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে। ওই অর্থ থেকে উপজেলা নির্বাহী প্রকৌশলীরা প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করতে পারবেন।

সড়ক কার্পেটিংয়ের পর তা সম্পূর্ণ শক্ত হতে সাধারণত ৭২ ঘণ্টা সময় লাগে উল্লেখ করে প্রতিমন্ত্রী এ সময়ে সড়ক পাহারার জন্য ঠিকাদারকে দিনে ও রাতে দুজন করে নিরাপত্তাকর্মী নিয়োগ দেওয়ার নির্দেশ দেন। এ বিষয়ে উপজেলা প্রকৌশলীদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সরকারের সিদ্ধান্ত ও মন্ত্রিসভার অনুমোদন অনুযায়ী ২০২৮ সাল থেকে অর্থবছর ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত হবে। এতে আগস্ট-সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত দীর্ঘ শুষ্ক মৌসুমে উন্নয়নকাজ বাস্তবায়নের সুযোগ বাড়বে।

সভায় দেশের সাম্প্রতিক সাংবিধানিক সংস্কার প্রসঙ্গেও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, জুলাই সনদে স্বাক্ষরিত বিষয়গুলো সংবিধানে অন্তর্ভুক্ত করতে সংসদে একটি সংবিধান সংশোধন কমিটি কাজ করছে। অন্তর্বর্তীকালীন সরকারব্যবস্থা, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যসহ সংশ্লিষ্ট বিষয়গুলো কমিটির আওতায় বিবেচনা করা হচ্ছে।

মতবিনিময় শেষে প্রতিমন্ত্রী জানান, ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী উপজেলা নির্বাহী প্রকৌশলীদের সঙ্গে মূল্যায়নভিত্তিক আলোচনা করা হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শহীদুল হাসান। এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন। এ ছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন