বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। যে সরকারের অধীনে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সেই সরকারের প্রয়োজন নেই।
শনিবার (৪ অক্টোবর) সকাল ৯টায় রাজধানীর হাতিরঝিলের মধুবাগ মাঠে ঢাকা মহানগরী উত্তর জামায়াত আয়োজিত ৪ থেকে ১০ অক্টোবর দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বিরোধী দলে থাকলেও দেশের প্রতি তাদের দায়িত্ব রয়েছে। স্বাস্থ্য ব্যবস্থা ছাড়াও দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, রাজধানীতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকার পরও দিনের বেলায় বিভিন্ন অপকর্ম ঘটছে। রাজধানীর পরিস্থিতি থেকেই সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে ধারণা পাওয়া যায়।
বিমানবন্দরে সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, সীমাহীন দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দাবি করেন, বিমানবন্দরে জামায়াতের ৩৪ জন সংসদ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে অশোভন আচরণ করা হয়েছে।
আখতারুজ্জামানের গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তিনি বলেন, প্রবাসীদের বিভিন্ন হয়রানি ও মালামাল চুরির প্রতিবাদ করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি দেশবাসী ও প্রবাসীরা গুরুত্বের সঙ্গে দেখবেন বলেও মন্তব্য করেন তিনি।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ডেঙ্গুর পাশাপাশি হামে মৃত্যুর ঘটনাও ঘটছে। বর্তমান সরকারকে এসব মৃত্যুর দায় এড়িয়ে না গিয়ে নিজেদের ব্যর্থতা স্বীকার করার আহ্বান জানান তিনি।
ডেঙ্গুর টিকা প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বে ডেঙ্গুর টিকা রয়েছে। সরকারিভাবে টিকা আনার উদ্যোগ না থাকলে বেসরকারিভাবে আমদানির সুযোগ করে দেওয়া উচিত। একই সঙ্গে মশা নিধনে দ্রুত বাস্তবভিত্তিক কর্মসূচি গ্রহণ এবং ডেঙ্গু আক্রান্তদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান তিনি।
জামায়াতের কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, দুর্যোগের সময় জামায়াত বসে থাকবে না। ডেঙ্গুকে তারা মহামারি পরিস্থিতি হিসেবে দেখছে। এ কারণে ৪ থেকে ১০ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ পালন করা হচ্ছে। কর্মসূচির মাধ্যমে জনগণকে সচেতন করার পাশাপাশি মশার প্রজননস্থল পরিষ্কারসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।
তিনি বলেন, সরকারি বরাদ্দ ছাড়াই নিজেদের ও শুভাকাঙ্ক্ষীদের অর্থায়নে তারা কর্মসূচি বাস্তবায়ন করছেন। জনগণের টাকার দায়িত্ব সরকারের এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকরভাবে মাঠে নামতে হবে।
পরে ডেঙ্গু প্রতিরোধে করণীয়সংবলিত লিফলেট ও ব্লিচিং পাউডার জনগণের মধ্যে বিতরণ করেন ডা. শফিকুর রহমান।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ডেঙ্গু মোকাবিলায় সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য পর্যাপ্ত জায়গা নেই। এ অবস্থায় দেশবাসীকে ডেঙ্গু থেকে রক্ষায় জামায়াত সারা দেশে কর্মসূচি পালন করছে।
সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, ডেঙ্গুতে মানুষের মৃত্যু ঠেকাতে জনসচেতনতা তৈরির লক্ষ্যে জামায়াত এই কর্মসূচি নিয়েছে।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন অনুষ্ঠানে বিএনপির সমালোচনা করে বাংলামোটরে এক ব্যক্তিকে মারধরের ঘটনায় যুবদল নেতা সাইমনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সভাপতির বক্তব্যে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন বলেন, ডেঙ্গু বর্তমানে ঢাকাবাসীর অন্যতম প্রধান উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ডেঙ্গু প্রতিরোধে এক সপ্তাহব্যাপী কর্মসূচি সফল করতে ঢাকাবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম। এতে জামায়াতের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

