শনিবার, ৩ অক্টোবর ২০২৬

মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে উত্তরায় জামায়াতের বিক্ষোভ

বিমানবন্দরে নাগরিক হয়রানির প্রতিবাদ করায় সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর উত্তরা অঞ্চল।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৪টা ৪৫ মিনিটে উত্তরার জসিম উদ্দিন সড়ক মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাতের নেতৃত্বে মিছিলটি বিমানবন্দর সড়কে গিয়ে সমাবেশে মিলিত হয়।

উত্তরা অঞ্চল পরিচালক জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী পরিচালক মাহবুবুল আলমের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন উত্তরা মডেল থানা আমীর ইব্রাহীম খলীল, উত্তরা পশ্চিম থানা আমীর মাজহারুল ইসলাম, উত্তরা পূর্ব থানা আমীর মাহফুজুর রহমান, তুরাগ উত্তর থানা আমীর মতিউর রহমান, দক্ষিণখান পূর্ব থানা আমীর আবু সাঈদ, দক্ষিণখান পশ্চিম থানা আমীর আবু সাঈদ শাহনেওয়াজ, বিমানবন্দর থানা আমীর এনামুল হক শিপন এবং মহানগরীর যুব বিভাগের সেক্রেটারি মোস্তফা ফয়সাল পারভেজসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিমানবন্দরে নাগরিক হয়রানির প্রতিবাদ করায় প্রতিকারের পরিবর্তে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা হয়েছে। তারা এ মামলাকে ‘মিথ্যা মামলা’ দাবি করে তা প্রত্যাহার এবং তার বিরুদ্ধে হয়রানি বন্ধের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বক্তারা বলেন, নাগরিক হয়রানির প্রতিকারের পরিবর্তে প্রতিবাদকারীর বিরুদ্ধে মামলা করা হলে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক বার্তা যায়। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানান।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন