মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

জাতিগত মুক্তি সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়েই সম্ভব: আসিফ মাহমুদ

রামুর ঘটনার ১৪ বছরেও বিচার না হওয়ায় ক্ষোভ; দুর্গাপূজাকে ঘিরে অপ্রীতিকর ঘটনা ঠেকাতে আগাম ব্যবস্থা নেওয়ার আহ্বান

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার মধ্য দিয়েই দেশের জাতিগত মুক্তি সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ।

তিনি বলেছেন, “আমরা মনে করি, আমাদের জাতিগত মুক্তিটা সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়েই সম্ভব।”

অতীতের বিভাজনের রাজনীতির দায় পর্যালোচনা এবং ভবিষ্যতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার করণীয় নিয়ে এনসিপির ধর্ম ও সম্প্রীতি সেলের উদ্যোগে আয়োজিত বিশেষ আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

‘রামু’র আগুন: কার রাজনীতি, কার ক্ষতি; ১৪ বছরের দায় এবং সাম্প্রদায়িক সম্প্রীতির ভবিষ্যৎ’ শীর্ষক এ আলোচনায় দেশের বিভিন্ন সময়ে সংঘটিত সাম্প্রদায়িক সহিংসতা, এসব ঘটনার বিচার এবং ভবিষ্যতে সহিংসতা প্রতিরোধের বিষয় উঠে আসে।

আসিফ মাহমুদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে কাজে লাগিয়ে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির চেষ্টা হতে পারে। আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য সরকারকে আগাম প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

রামুর ঘটনার প্রসঙ্গ টেনে এনসিপির মুখপাত্র বলেন, বহুল আলোচিত ওই ঘটনার ১৪ বছর পার হলেও বিচার নিশ্চিত করা যায়নি। এ ধরনের ঘটনার বিচার না হওয়াকে তিনি রাষ্ট্রের ‘সমষ্টিগত ব্যর্থতা’ হিসেবে উল্লেখ করেন।

তার ভাষ্য, বিচারহীনতা সাম্প্রদায়িক সহিংসতায় জড়িত ব্যক্তিদের পুনরায় একই ধরনের ঘটনা ঘটাতে উৎসাহিত করতে পারে। এ কারণে ভবিষ্যতে সহিংসতার পুনরাবৃত্তি ঠেকাতে আইনের যথাযথ প্রয়োগ ও বিচার নিশ্চিত করা জরুরি।

আসিফ মাহমুদ বলেন, সাম্প্রদায়িক সহিংসতার প্রতিটি ঘটনার প্রেক্ষাপট এক নয়। কোনো ঘটনায় জমি দখল, কোনো ক্ষেত্রে স্থানীয় প্রভাব-প্রতিপত্তি, আবার কোথাও গুজব বা অন্য কোনো বিরোধকে কেন্দ্র করে সহিংসতা ঘটতে পারে। এসব ঘটনার প্রকৃত কারণ চিহ্নিত করে দায়ীদের বিচারের আওতায় আনার ওপর গুরুত্ব দেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থানের পর সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ভূমিকার কথাও তুলে ধরেন আসিফ মাহমুদ। তার দাবি, ওই সময় দেশের বিভিন্ন স্থানে মন্দির পাহারায় অংশ নিয়েছিলেন সংগঠনটির কর্মীরা। এনসিপিও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি।

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির প্রচেষ্টা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ বলেন, যারা রাষ্ট্রের ক্ষতি করতে চায় তারা অভ্যন্তরীণ সংঘাত ও দাঙ্গার মাধ্যমে পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করতে পারে। এমন পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধারণ এবং আইনের শাসনের প্রতি আস্থা রাখার আহ্বান জানান তিনি।

রাজধানী থেকে তৃণমূল পর্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়ে এনসিপির মুখপাত্র বলেন, ধর্মীয় ও সামাজিক বিভাজন এড়িয়ে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির পরিবেশ গড়ে তুলতে হবে।

তিনি পুনরায় বলেন, “জাতিগত মুক্তি সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়েই সম্ভব।”


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন