মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

সেমিকন্ডাক্টর খাতে দক্ষ জনশক্তি গড়তে অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির সঙ্গে সহযোগিতা চায় বাংলাদেশ

শিক্ষা-গবেষণা, কারিকুলাম ও শিক্ষক প্রশিক্ষণে অংশীদারত্ব নিয়ে আলোচনা; সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা

দেশে সেমিকন্ডাক্টর ও মাইক্রোইলেকট্রনিকস খাতের দক্ষ জনশক্তি তৈরি এবং দীর্ঘমেয়াদি প্রযুক্তিগত সক্ষমতা গড়ে তুলতে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির (এএসইউ) সঙ্গে প্রাতিষ্ঠানিক সহযোগিতা প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ।

এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ফোর সিজনস হোটেল সিলিকন ভ্যালিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আলোচনায় সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম গড়ে তোলা, উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবন, দক্ষ জনশক্তি তৈরি এবং বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের মধ্যে কার্যকর অংশীদারত্ব প্রতিষ্ঠার বিভিন্ন দিক গুরুত্ব পায়।

সেমিকন্ডাক্টর শিক্ষায় বিশেষ গুরুত্ব

বৈঠকে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে সেমিকন্ডাক্টর ও মাইক্রোইলেকট্রনিকস-সংশ্লিষ্ট শিক্ষা ও কারিকুলাম উন্নয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

বিশেষ করে শিক্ষক ও পেশাজীবীদের প্রশিক্ষণ, ফলিত গবেষণা, বিশ্ববিদ্যালয়-শিল্প খাতের যৌথ কার্যক্রম, দক্ষ জনশক্তি তৈরি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর সম্ভাব্য ক্ষেত্রগুলো চিহ্নিত করার বিষয়ে দুই পক্ষ মতবিনিময় করে।

বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে এএসইউর University Design Institute-এর সঙ্গে সম্ভাব্য সহযোগিতার বিষয়টিও আলোচনায় আসে।

শিক্ষা ও শিল্পের মধ্যে শক্তিশালী সংযোগ চান তিতুমীর

বৈঠকে ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর প্রযুক্তি খাতের দীর্ঘমেয়াদি উন্নয়নে পরিকল্পিতভাবে মানবসম্পদ তৈরির ওপর গুরুত্ব দেন।

তিনি বলেন, টেকসই পরিকল্পনা ও মানবসম্পদ উন্নয়নের পাশাপাশি শিক্ষা ও শিল্প খাতের মধ্যে আরও শক্তিশালী সংযোগ তৈরি করা প্রয়োজন।

সেমিকন্ডাক্টরের মতো উচ্চপ্রযুক্তির শিল্পে বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ কাজে লাগাতে হলে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতাসম্পন্ন জনশক্তি তৈরির জন্য শিক্ষা, গবেষণা ও শিল্প খাতকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।

সমঝোতা স্মারকের পথে বাংলাদেশ-এএসইউ

বৈঠকের গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বাংলাদেশ ও অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) তৈরির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

সম্ভাব্য সমঝোতা স্মারকের আওতায় সেমিকন্ডাক্টর শিক্ষা ও গবেষণা, কারিকুলাম উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি, শিল্প খাতের সঙ্গে সম্পৃক্ততা এবং উচ্চশিক্ষার রূপান্তর অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা হয়।

এ উদ্যোগ বাস্তবায়নে পরবর্তী যোগাযোগ ও সমন্বয়ের দায়িত্ব পালন করবে লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল।

উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম এবং লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনসাল জেনারেল কাজী মুহাম্মদ জাবেদ ইকবাল বৈঠকে অংশ নেন।

সিলিকন ভ্যালিতে বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের চলমান প্রযুক্তি-কেন্দ্রিক কার্যক্রমের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে একই সফরে প্রযুক্তি বিশেষজ্ঞ, গবেষক, উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদল এআই, সেমিকন্ডাক্টর, গবেষণা, বিনিয়োগ এবং দক্ষ কর্মসংস্থান নিয়ে আলোচনা করে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন