মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

সিঙ্গাপুরের কাছে হেরে আসিয়ান কাপ থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত

২৯ সেপ্টেম্বর ২০২৬

আসিয়ান কাপে টানা দ্বিতীয় হারের পর বাংলাদেশের বিদায় এখন নিশ্চিত। সোমবার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে সিঙ্গাপুরের কাছে ১–০ গোলে হেরেছে জামাল ভূঁইয়া–হামজা চৌধুরীদের দল।

ম্যাচের একমাত্র গোলটি আসে প্রথমার্ধে। ৩৫ মিনিটে নুর অ্যাডাম আব্দুল্লাহর ক্রস থেকে হেডে বল জালে পাঠান হারহিস স্টুয়ার্ট। গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের কিছুই করার ছিল না।

এর আগে অবশ্য বাংলাদেশের গোলপোস্টের নিচে দারুণ পারফরম্যান্স দেখান শ্রাবণ। ম্যাচের ১৬ মিনিটে ইলহান ফান্দির শট কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন তিনি। ৩৩ মিনিটে ফ্রি-কিক থেকেও সিঙ্গাপুরের একটি বিপজ্জনক প্রচেষ্টা রুখে দেন বাংলাদেশের এই গোলরক্ষক। ফিরতি বল থেকে বিপদ সামাল দেন তারিক কাজী।

গোল হজমের পর দ্বিতীয়ার্ধে ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ বাড়ায় বাংলাদেশ। ৬৪ মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েছিলেন শমিত শোম। সাদ উদ্দিনের ক্রস থেকে পাওয়া সুযোগে হেড নিলেও বলটি চলে যায় ক্রসবারের ওপর দিয়ে।

এরপর ৮০ মিনিটে রাকিব হোসেনের হেডও অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। শেষদিকে আরও কয়েকটি আক্রমণ তৈরি করলেও সিঙ্গাপুরের রক্ষণ ভেদ করতে পারেনি বাংলাদেশ।

ফলে ১–০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় লাল-সবুজের প্রতিনিধিদের। এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩–০ গোলে হেরেছিল বাংলাদেশ।

সিঙ্গাপুরের বিপক্ষে এটি বাংলাদেশের টানা দ্বিতীয় পরাজয়। দুই দলের পাঁচ দেখায় এখনো জয়ের মুখ দেখেনি বাংলাদেশ চার হারের পাশাপাশি রয়েছে একটি ড্র।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন