সিলেটের জকিগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ২ হাজার ১০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় ইয়াবা বিক্রির ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে জকিগঞ্জ থানার বিরশ্রী ইউনিয়নের জামডহর এলাকায় জকিগঞ্জ-বিয়ানীবাজার সড়কে চেকপোস্ট বসিয়ে পৃথক দুটি যাত্রীবাহী সিএনজিতে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে রাহাত আহমদ চৌধুরী সুপার মার্কেটের সামনে একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ আব্দুস শুক্কুর আলী (৫০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি জকিগঞ্জের আমবাড়ী এলাকার বাসিন্দা।
এরপর সকাল পৌনে ১০টার দিকে একই এলাকায় অপর একটি যাত্রীবাহী সিএনজিতে তল্লাশি চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ দেলোয়ার হোসেন দিলু (৩৩) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। তিনি বিয়ানীবাজারের দাসউরা এলাকার বাসিন্দা।
পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে দেলোয়ার হোসেন দিলু ইয়াবাগুলো জকিগঞ্জের মাছুম বাজার এলাকার আশুক আহমদের কাছ থেকে কেনার কথা জানান। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মাছুম বাজার এলাকায় অভিযান চালিয়ে আশুক আহমদ (৬৫) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ইয়াবা বিক্রির ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
জকিগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথক মাদক মামলা করা হয়েছে। পরে তাদের যথাযথভাবে আদালতে পাঠানো হয়েছে।

