দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা নিয়ে আলোচনা; বাংলাদেশের রাজনৈতিক সংলাপে ভূমিকার জন্য বিদায়ী রাষ্ট্রদূতের প্রশংসা জামায়াতের
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠকে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং ভবিষ্যৎ সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর মিন্টু রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক, বাণিজ্যিক, রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন উভয় পক্ষ। আগামী দিনে দুই দেশের বিদ্যমান বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী হবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি উন্নয়ন ও অগ্রগতির বিভিন্ন ক্ষেত্রে দুই দেশ একসঙ্গে কাজ করার বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে বাংলাদেশে দায়িত্ব পালনকালে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ ও সংলাপের ক্ষেত্রে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের ভূমিকার প্রশংসা করেন জামায়াত নেতারা।
বিশেষ করে জুলাই আন্দোলনের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যোগাযোগ বৃদ্ধি ও পারস্পরিক সংলাপের পরিবেশ তৈরিতে চীনা রাষ্ট্রদূতের ভূমিকার জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এটি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেওয়া মূল্যায়ন।
বিদায়ী রাষ্ট্রদূতের সঙ্গে চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ড. লিউ ইউয়িন, কালচারাল কাউন্সেলর লি শাওপেং, অ্যাটাশে লিয়াং শুয়িং এবং পলিটিক্যাল অ্যাফেয়ার্স অ্যাটাশে ওয়াং ডাউয়েই উপস্থিত ছিলেন।
জামায়াতে ইসলামীর পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার-মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি।
এ ছাড়া কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জাহিদুর রহমান এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর বৈঠকে অংশ নেন।
বাংলাদেশে কূটনৈতিক দায়িত্ব শেষ করার প্রাক্কালে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিভিন্ন পর্যায়ে বিদায়ী সাক্ষাৎ করছেন। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও তাঁর বিদায়ী সাক্ষাৎ হয়। ওই বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতাসহ বাংলাদেশ-চীন সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

