শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে তারেক রহমানের বক্তব্যে শান্তি-মানবতার বার্তা: রিজভী

‘অস্ত্র নয়, কূটনীতি-শিক্ষা ও মানবতাকে পরিবর্তনের হাতিয়ার করার কথা বলেছেন প্রধানমন্ত্রী’

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যে বিশ্বশান্তি, মানবতা ও রাষ্ট্রগুলোর মধ্যে সমমর্যাদার বার্তা প্রতিফলিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ত্রের পরিবর্তে যুক্তি, কূটনীতি, শিক্ষা ও মানবতাকে পরিবর্তনের হাতিয়ার হিসেবে ব্যবহারের কথা বলেছেন। একই সঙ্গে রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক সমতা, ন্যায্যতা, পারস্পরিক স্বার্থ, সম্মান ও মর্যাদার ভিত্তিতে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন।

প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রসঙ্গ টেনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সেখানে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনের আহ্বান জানানো হয়েছে।

রিজভীর ভাষায়, জাতিসংঘের মঞ্চে তারেক রহমান ‘বিশ্বের শান্তিকামী মানুষের আকাঙ্ক্ষার কথা’ তুলে ধরেছেন।

বিশ্বজুড়ে যুদ্ধ ও সংঘাতের অর্থনৈতিক প্রভাবের কথাও তুলে ধরেন তিনি। রিজভী বলেন, যুদ্ধের প্রভাবে জ্বালানি ও খাদ্যপণ্যের দাম বৃদ্ধি, বিদ্যুৎ ও গ্যাস সংকট এবং শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। এ কারণে বিশ্বের মানুষ যুদ্ধের পরিবর্তে শান্তি চায়।

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন বিএনপির এই নেতা। তিনি অভিযোগ করেন, একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করা, যানবাহনে অগ্নিসংযোগ এবং গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপি ও জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মীরা রাজনৈতিকভাবে মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছেন বলে জানান তিনি।

রিজভী আরও বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করেছে। বর্তমান সরকার মানুষের কল্যাণ ও সামাজিক সুরক্ষায় কাজ করছে বলেও দাবি করেন তিনি।

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রবিরোধী যেকোনো তৎপরতার বিরুদ্ধেও রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলার কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

সমাবেশে জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক আলহাজ মাওলানা কাজী মো. সেলিম রেজা, সদস্যসচিব অ্যাডভোকেট মাওলানা কাজী মোহাম্মদ আবুল হোসেনসহ সংগঠনটির কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। এতে সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন