শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বিমানবন্দরে আহত সেনাসদস্যকে উদ্ধার করে সিএমএইচে পাঠালেন আনসার সদস্য

রাজধানীর বিমানবন্দর এলাকায় ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত এক সেনাসদস্যকে উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বিমানবন্দর আনসার ফোর্সের সদস্য আনসার শাহাবুল। আহত সেনাসদস্যের ব্যক্তিগত মালামাল নিরাপদে সংরক্ষণ করে পরে পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেন তিনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা বিমানবন্দর রেলস্টেশন সংলগ্ন প্রস্তাবিত এসআরবি হেডকোয়ার্টার্সের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, রেললাইনের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন ওই সেনাসদস্য। তার মাথায় গুরুতর আঘাত ছিল এবং ডান পা ভেঙে ঝুলে ছিল। বিষয়টি দেখতে পেয়ে বিমানবন্দর আনসার ফোর্সের সদস্য শাহাবুল দ্রুত তার কাছে ছুটে যান। আহত ব্যক্তির সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, গাজীপুর থেকে প্রশিক্ষণ শেষে এসআরবি হেডকোয়ার্টার্সে কর্মস্থলে যোগ দিতে যাওয়ার পথে ট্রেন দুর্ঘটনার শিকার হন তিনি।

পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে আনসার সদস্য শাহাবুল তাৎক্ষণিকভাবে আহত সেনাসদস্যের ব্যাগ ও মুঠোফোন নিজের হেফাজতে নেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে এসআরবি গেটে নিয়ে যাওয়া হয়।

সেখানে দায়িত্বরতদের তৎপরতায় দ্রুত একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। আহত সেনাসদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়।

মানবিক বিবেচনায় আনসার সদস্য শাহাবুলও ওই অ্যাম্বুলেন্সে করে সিএমএইচে যান। হাসপাতালে পৌঁছানোর পর আহত সেনাসদস্যের প্রাথমিক চিকিৎসা ও ভর্তির প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে তিনি সহযোগিতা করেন।

পরে রাতে আহত সেনাসদস্যের পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছালে শাহাবুল তার কাছে থাকা ব্যাগ, মুঠোফোনসহ সব মালামাল অক্ষত অবস্থায় পরিবারের কাছে বুঝিয়ে দেন। এরপর তিনি নিজের কর্মস্থলে ফিরে যান।

আহত সেনাসদস্যের পরিবারের সদস্যরা আনসার সদস্য শাহাবুলের তাৎক্ষণিক উদ্যোগ, দায়িত্বশীলতা ও মানবিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে আসছেন বাহিনীর সদস্যরা। বিমানবন্দর এলাকায় আহত সেনাসদস্যকে দ্রুত উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করতে শাহাবুলের ভূমিকা সেই দায়িত্বশীলতারই একটি উদাহরণ।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন