শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মিরপুর-তেজগাঁওয়ে ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

অবৈধ দোকান-স্থাপনা উচ্ছেদ, বিলবোর্ড ও ইউনিপোল অপসারণ • অভিযানে আনসার-পুলিশের ৪৯ সদস্য

রাজধানীর মিরপুর-১০, সেনপাড়া ও তেজগাঁও এলাকায় সড়ক ও ফুটপাত থেকে অবৈধ দখল সরাতে বিশেষ উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। অভিযানে ফুটপাত ও সড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদের পাশাপাশি অনুমোদনহীন বিজ্ঞাপনী বিলবোর্ড ও ইউনিপোল সাইন অপসারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান শুরু হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

মিরপুর-১০ থেকে শুরু হওয়া অভিযানটি সেনপাড়া হয়ে ওসমানী হল ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এলাকা পর্যন্ত পরিচালিত হয়। এ সময় সড়ক ও ফুটপাত দখল করে রাখা দোকান, হকার ও বিভিন্ন অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হয়। অনুমোদনহীন বিজ্ঞাপনী বিলবোর্ড ও ইউনিপোল সাইন অপসারণ করে সংশ্লিষ্ট মালামাল জব্দ করা হয়।

নিরাপত্তায় আনসার-পুলিশের ৪৯ সদস্য

অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মহানগর আনসার ব্যাটালিয়নের ৩১ সদস্য দায়িত্ব পালন করেন। ঢাকা মহানগর আনসার ব্যাটালিয়নের (৪১ বিএন) পরিচালক মো. জানে আলম সুফিয়ানের নির্দেশনায় কোম্পানি কমান্ডার মো. ইমাম মেহেদির নেতৃত্বে তারা অভিযানে অংশ নেন।

এ ছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১৮ সদস্য মোতায়েন ছিলেন। দুপুর ২টা পর্যন্ত চলা অভিযান কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে বলে আনসার ও ভিডিপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অভিযানের পর সংশ্লিষ্ট এলাকার ফুটপাতের একটি অংশ পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, দীর্ঘদিনের দখল সরিয়ে ফুটপাতে চলাচলের সুযোগ তৈরি হওয়ায় স্থানীয় বাসিন্দা ও পথচারীরা স্বস্তি প্রকাশ করেছেন।

রাজধানীর ব্যস্ত এলাকায় ফুটপাত দখল হয়ে গেলে পথচারীদের সড়কে নেমে চলাচল করতে হয়, যা যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরির পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ায়। ডিএনসিসির এ অভিযানের লক্ষ্য সড়ক ও ফুটপাত জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত রাখা।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন