রাজধানীর শাহআলী থানার এলাকায় রাস্তার পাশে কালো পলিথিনের ব্যাগের ভেতর থেকে এক নবজাতক কন্যাশিশুকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে সংকটাপন্ন অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার শাহআলী থানাধীন ব্লক-ডি, ৮ নম্বর সড়কের পাশের একটি খালি জায়গায় শিশুটিকে পড়ে থাকতে দেখেন এক ব্যক্তি। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান। কলার জানান, কালো পলিথিনের ব্যাগের ভেতরে একটি নবজাতক পড়ে রয়েছে এবং শিশুটি ভীষণ কান্নাকাটি করছে। দ্রুত উদ্ধারের জন্য তিনি ৯৯৯-এর সহায়তা চান।
কলটি পাওয়ার পর ৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে শাহআলী থানায় বিষয়টি জানিয়ে শিশুটিকে উদ্ধারের ব্যবস্থা নিতে বলা হয়। কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার মো. সাহেল খান। পাশাপাশি সংশ্লিষ্ট থানার সঙ্গে উদ্ধার কার্যক্রমের সমন্বয় ও তদারকি করেন ৯৯৯-এর পুলিশ ডিসপাচার এএসআই মো. মাসুম বিল্লাহ।
৯৯৯ থেকে সংবাদ পাওয়ার পর শাহআলী থানার একটি পুলিশ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আনুমানিক ৪ থেকে ৫ দিন বয়সী কন্যাশিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করে। পরে শিশুটিকে প্রাথমিক চিকিৎসার জন্য শিশু হাসপাতালে নেওয়া হয়।
পুলিশ জানায়, শিশুটির শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে শিশুটিকে সেখানে ভর্তি করা হয়েছে।
শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জাতীয় জরুরি সেবা ৯৯৯-কে বিষয়টি নিশ্চিত করেছেন।
শিশুটিকে রাস্তার পাশে ফেলে যাওয়ার ঘটনায় তার পরিচয় ও কীভাবে সে সেখানে এলো, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। এ ঘটনায় পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঘটনার বিষয়ে অনুসন্ধান করছে।

