শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধে আইসিডিডিআর,বিকে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক

সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধে নারী পুলিশ সদস্যদের মধ্যে মানব প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা প্রদান, সচেতনতা সৃষ্টি ও টিকা গ্রহণের প্রতিবন্ধকতা নিরসনে আইসিডিডিআর,বির একটি বিশেষ প্রকল্পে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় এ সহায়তা দেওয়া হচ্ছে।

‘নারী পুলিশ সদস্যদের মধ্যে সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা প্রদান, সচেতনতা সৃষ্টি ও প্রতিবন্ধকতা নিরসন’ শীর্ষক এ উদ্যোগে ১৮ থেকে ৪৫ বছর বয়সী আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ১৮৮ জন নারী সদস্যকে অন্তর্ভুক্ত করা হবে। কিশোরীদের জন্য চলমান টিকাদান কর্মসূচির পাশাপাশি প্রাপ্তবয়স্ক কর্মজীবী নারীদের টিকাদানের ক্ষেত্রে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

প্রকল্পটি আইসিডিডিআর,বির সহকারী বিজ্ঞানী ডা. রিজওয়ানা খানের নেতৃত্বে সাতটি ধাপে বাস্তবায়ন করা হবে। এর মধ্যে নৈতিক অনুমোদন, প্রাথমিক জরিপ, সচেতনতা কর্মসূচি, টিকা প্রদান, পর্যবেক্ষণ ও মূল্যায়ন এবং চূড়ান্ত ফলাফল প্রকাশের মতো কার্যক্রম রয়েছে। পাশাপাশি অংশগ্রহণকারী নারীদের মাসিক স্বাস্থ্যবিধি ও সামগ্রিক স্বাস্থ্য বিষয়ে সচেতন করা হবে।

এ উপলক্ষে আইসিডিডিআর,বির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের পক্ষ থেকে প্রকল্পের জন্য প্রতীকী চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং আইসিডিডিআর,বির নির্বাহী পরিচালক ডা. তাহমিদ আহমেদসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে মো. আলী হোসেন ফকির বলেন, নারী পুলিশ সদস্যরা দেশের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তাদের স্বাস্থ্য ও সুরক্ষা অগ্রাধিকার পাওয়া উচিত। আইসিডিডিআর,বির সঙ্গে এ উদ্যোগ সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে এবং কর্মক্ষেত্রভিত্তিক টিকাদান কার্যক্রমের একটি দৃষ্টান্ত তৈরি করবে।

কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন বলেন, গুরুত্বপূর্ণ এ স্বাস্থ্য উদ্যোগে আইসিডিডিআর,বির পাশে থাকতে পেরে তারা গর্বিত। ভবিষ্যতেও সমাজে দীর্ঘস্থায়ী ইতিবাচক প্রভাব ফেলতে এ ধরনের উদ্যোগে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

আইসিডিডিআর,বির নির্বাহী পরিচালক ডা. তাহমিদ আহমেদ বলেন, কর্মক্ষেত্রভিত্তিক টিকাদান কার্যক্রম নিয়ে গবেষণা জাতীয় নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে দেশে আরও বেশি নারী সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধে সুরক্ষা পাওয়ার সুযোগ তৈরি হবে।

সংশ্লিষ্টরা বলছেন, নারী পুলিশ সদস্যদের লক্ষ্য করে এইচপিভি টিকাদান, সচেতনতা ও গবেষণাভিত্তিক এ উদ্যোগ ভবিষ্যতে কর্মক্ষেত্রভিত্তিক টিকাদান কর্মসূচির পরিধি বাড়াতে সহায়ক হতে পারে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন