ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন • পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ • ‘CME on Dengue Management’ সেমিনারে বক্তব্য
ডেঙ্গু প্রতিরোধ, রোগীর চিকিৎসা ব্যবস্থাপনা ও জনসচেতনতা বাড়াতে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালকেন্দ্রিক দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।
কর্মসূচির শুরুতে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. তসলিম উদ্দিনের সঙ্গে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন করেন তিনি। এ সময় চিকিৎসাধীন রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে ডেঙ্গু রোগীর চিকিৎসা ও ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।
পরে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. মো. শাহাদাৎ হোসেনের উপস্থিতিতে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন ডা. বিটু। সেখানে ডেঙ্গুর বিস্তার রোধে নিয়মিত পরিচ্ছন্নতা, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এরপর সোসাইটি অব মেডিসিন, চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত ‘CME on Dengue Management’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনারে বক্তব্য দেন ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।
ডেঙ্গুকে শুধু চিকিৎসাবিষয়ক সমস্যা হিসেবে দেখলে চলবে না উল্লেখ করে তিনি বলেন, “ডেঙ্গু আমাদের কাছে নতুন কোনো রোগ নয়। কিন্তু প্রতি বছর এর প্রকোপ আমাদের মনে করিয়ে দেয় যে, ডেঙ্গু শুধু একটি চিকিৎসাবিষয়ক সমস্যা নয়, এটি একটি জনস্বাস্থ্য ও সামাজিক সমস্যা।”
ডেঙ্গু নিয়ন্ত্রণে চিকিৎসা ব্যবস্থাপনার পাশাপাশি জনসচেতনতা, পরিচ্ছন্ন পরিবেশ এবং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন তিনি।
সেমিনারটি সঞ্চালনা করেন মেডিসিন বিভাগের আরপি ডা. এস এম রিয়াসাদ শাহাবুদ্দিন। এতে সভাপতিত্ব করেন মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আবদুস সাত্তার।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. মো. শাহাদাৎ হোসেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. তসলিম উদ্দিন, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আনিসুল হোসেন বাবুল, চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ ফজলে রাব্বী, চট্টগ্রাম জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. মো. বেলায়েত হোসেন ঢালী এবং চট্টগ্রাম রেড ক্রিসেন্টের ম্যানেজিং বোর্ড সদস্য ডা. সারওয়ার আলম।
এ সময় চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. সাজেদুর রহমান, কুমিল্লার সিভিল সার্জন ডা. মো. জহিরুল ইসলাম জহিরসহ চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসাসেবা ও রোগ ব্যবস্থাপনার পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা এবং জনসচেতনতা বাড়াতে সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বানের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি শেষ হয়।

