প্রথম সারিতে বাংলাদেশ প্রতিনিধিদল • ইউএনজিএ সভাপতি ড. খলিলুর রহমানকে অভিবাদন • ২৪ সেপ্টেম্বর বাংলায় ভাষণ দেওয়ার কথা প্রধানমন্ত্রীর
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হকের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টায় প্রধানমন্ত্রী জাতিসংঘ সদর দপ্তরে পৌঁছান। তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
অধিবেশনস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। পরে সাধারণ পরিষদ মিলনায়তনে প্রবেশ করে তিনি ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমানকে অভিবাদন জানান এবং নির্ধারিত আসন গ্রহণ করেন।
সাধারণ পরিষদ মিলনায়তনে সদস্যদেশগুলোর আসন বর্ণানুক্রমিক বিন্যাস অনুযায়ী নির্ধারিত হওয়ায় বাংলাদেশ প্রতিনিধিদল প্রথম সারিতে স্থান পায়।
ইউএনজিএর সভাপতিত্বে বাংলাদেশের খলিলুর রহমান
এবারের অধিবেশনে বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্য যোগ করেছে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্ব। বাংলাদেশের ড. খলিলুর রহমান বর্তমানে ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন।

গত ২ জুন জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশের প্রার্থী ড. খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস. কাকুরিস পান ৯১ ভোট। মোট ১৯০টি ভোট পড়ে।
৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ৮১তম অধিবেশন শুরু হওয়ার পর সভাপতির দায়িত্ব গ্রহণ করেন ড. খলিলুর রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ পরিষদ মিলনায়তনে আসন গ্রহণের পর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কের উদ্বোধনী পর্বে বক্তব্য দেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম উপস্থিত ছিলেন।
২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন তারেক রহমান
কর্মসূচি অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘের এই বিশ্বমঞ্চে এটিই হবে তাঁর প্রথম ভাষণ। ভাষণটি বাংলায় দেওয়ার কথা রয়েছে।
এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে জলবায়ু পরিবর্তন, চলমান বৈশ্বিক সংঘাত, শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন এবং আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতাসহ বিভিন্ন বৈশ্বিক ইস্যু আলোচনায় গুরুত্ব পাচ্ছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রতিপাদ্য “Restoring Trust, Managing Transformation: A United Nations That Delivers for All”—অর্থাৎ আস্থা পুনঃপ্রতিষ্ঠা, পরিবর্তন ব্যবস্থাপনা এবং সবার জন্য কার্যকর জাতিসংঘ গড়ে তোলা।
জাতিসংঘ অধিবেশনের পাশাপাশি নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।
২৪ সেপ্টেম্বরের ভাষণে বিশ্ব শান্তি ও শান্তিরক্ষা, জলবায়ু ন্যায়বিচার, উন্নয়ন এবং বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকারের বিষয় তুলে ধরার কথা রয়েছে।

