বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

সৌদি জাতীয় দিবসের সংবর্ধনায় ডা. শফিকুর রহমান, বাদশাহ সালমানকে শুভেচ্ছা জানিয়ে চিঠি

সৌদি রাষ্ট্রদূতের হাতে চিঠি হস্তান্তর • বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা

সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় দেশটির দূতাবাস আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে আয়োজিত এ সংবর্ধনায় তিনি সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে লেখা একটি চিঠি ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন জাফর বিন আবিয়াহর হাতে তুলে দেন।

চিঠিতে ডা. শফিকুর রহমান বাংলাদেশের জনগণের পক্ষ থেকে সৌদি বাদশাহ, রাজপরিবার, সরকার ও দেশটির জনগণকে সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

চিঠিতে সৌদি আরবের সঙ্গে মুসলিম বিশ্বের ধর্মীয় ও ঐতিহাসিক সম্পর্কের কথাও তুলে ধরা হয়। বিশেষ করে মক্কায় মসজিদুল হারাম ও মদিনায় মসজিদে নববী (সা.)-এর সেবা ও ব্যবস্থাপনার পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যাওয়া মুসলমানদের হজ ও ওমরাহ পালনে সৌদি আরবের ভূমিকার কথা উল্লেখ করা হয়।

বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্কের বিষয়ে চিঠিতে বলা হয়, দুই দেশের সম্পর্ক দ্বিপক্ষীয় সহযোগিতার পাশাপাশি ধর্মীয়, সাংস্কৃতিক এবং জনগণের সঙ্গে জনগণের দীর্ঘদিনের যোগাযোগের ওপর প্রতিষ্ঠিত। সৌদি আরবে কর্মরত বিপুলসংখ্যক বাংলাদেশি নাগরিক দুই দেশের জনগণের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে ভূমিকা রাখছেন বলেও এতে উল্লেখ করা হয়।

দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সম্প্রসারিত ও শক্তিশালী হবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন বিরোধীদলীয় নেতা।

সংবর্ধনা অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান বিভিন্ন দেশের কূটনীতিক ও আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

সৌদি আরব এ বছর ৯৬তম জাতীয় দিবস উদযাপন করছে। দেশটির এবারের জাতীয় দিবসের প্রতিপাদ্য ‘Our Pride Is in Our Nature’। জাতীয় দিবস উপলক্ষে সৌদি আরবের নেতৃত্ব, সরকার ও জনগণকে শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত দুই দেশের দীর্ঘদিনের সম্পর্কের গুরুত্বও তুলে ধরেছেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন