বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক, পারস্পরিক স্বার্থ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট উজ. হুসেইন মোহামেদ লতিফের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন দুই নেতা। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার নানা দিক নিয়েও তাদের মধ্যে মতবিনিময় হয়।
বাংলাদেশ ও মালদ্বীপের জনগণের পারস্পরিক কল্যাণে বিদ্যমান সহযোগিতার ক্ষেত্রগুলো আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট হুসেইন মোহামেদ লতিফ।
দক্ষিণ এশিয়ার দুই দেশ বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্পর্ক রয়েছে। দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বহুপক্ষীয় বিভিন্ন প্ল্যাটফর্মেও দুই দেশ একসঙ্গে কাজ করে আসছে।
মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট হুসেইন মোহামেদ লতিফও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষে নিউইয়র্কে অবস্থান করছেন। একই দিনে তিনি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গেও বৈঠক করেন। ওই আলোচনায় জলবায়ু পরিবর্তন, ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর চ্যালেঞ্জ, ঋণ টেকসইতা এবং জাতিসংঘ সংস্কারসহ বিভিন্ন বিষয় উঠে আসে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরেও দ্বিপক্ষীয় সম্পর্ক ও অর্থনৈতিক কূটনীতিকে গুরুত্ব দেওয়া হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি বিভিন্ন দেশের নেতা এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তাঁর ধারাবাহিক বৈঠকের কর্মসূচি রয়েছে।

