কার্যালয় উদ্বোধন করলেন গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন • পরিকল্পিত নগরায়ন ও ভূমি ব্যবস্থাপনা আসবে সমন্বিত কাঠামোয় • রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ
পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে তোলার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ)। মঙ্গলবার নারায়ণগঞ্জ শহরের খানপুরে নবগঠিত সংস্থাটির কার্যালয় উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন।
কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের নগর পরিকল্পনা, ভূমি ব্যবহার ও উন্নয়ন কার্যক্রম একটি সমন্বিত কাঠামোর আওতায় পরিচালনার প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।
উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গণপূর্তমন্ত্রী জানান, রাজউকের বিদ্যমান মাস্টারপ্ল্যানের পাশাপাশি নারায়ণগঞ্জের জন্য পৃথক একটি বিশেষ মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হবে। পরিকল্পিত নগরায়নের স্বার্থে নতুন কর্তৃপক্ষের মাধ্যমে নগরীর ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
রাজউকের প্ল্যান অনুমোদনে ২৪ দিনের লক্ষ্য
গণপূর্তমন্ত্রী এ সময় রাজউকের সেবা সহজ ও দ্রুত করার উদ্যোগের কথাও তুলে ধরেন। তিনি জানান, রাজউক থেকে যেকোনো প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের ব্যবস্থা করতে কাজ করা হচ্ছে।
রাজউকের বিভিন্ন সেবা ডিজিটালাইজেশনের আওতায় আনার পাশাপাশি প্লটের মালিকানা একবার মিউটেশন হওয়ার পর হস্তান্তরের ক্ষেত্রে পুনরায় নামজারির প্রয়োজন না রাখাসহ বিভিন্ন পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, আগামী দিনের রাজউকের কার্যক্রমে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে।
পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়াই লক্ষ্য
নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের মূল উদ্দেশ্য হচ্ছে নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকার অপরিকল্পিত নগরায়ন নিয়ন্ত্রণ করে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ভিত্তিতে একটি আধুনিক নগরব্যবস্থা গড়ে তোলা।
‘নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’-এর উদ্দেশ্যের মধ্যে রয়েছে পরিকল্পিত আধুনিক নগর প্রতিষ্ঠা, এলাকার প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষা, অপরিকল্পিত নগরায়ন রোধ, দূষণমুক্ত নগর ব্যবস্থাপনা এবং উন্নত নাগরিক জীবন নিশ্চিত করা।
এনডিএর কার্যক্রম পুরোপুরি বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জের আবাসন, ভূমি ব্যবহার, অবকাঠামো উন্নয়ন এবং নগর পরিকল্পনার ক্ষেত্রে একটি পৃথক ও সমন্বিত ব্যবস্থাপনা গড়ে ওঠার সুযোগ তৈরি হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রতিনিধি ও কর্মকর্তারা
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নতুন উন্নয়ন কর্তৃপক্ষের যাত্রার মধ্য দিয়ে দ্রুত বর্ধনশীল শিল্প ও বাণিজ্যনির্ভর নারায়ণগঞ্জে পরিকল্পিত নগরায়ন, আধুনিক অবকাঠামো এবং নাগরিকসেবার নতুন সুযোগ তৈরি হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

