বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

পাংশায় সুবিধাবঞ্চিতদের পাশে উপজেলা প্রশাসন, সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ

রাজবাড়ীর পাংশায় অসহায় ও সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন এবং দুস্থ প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের সুবিধার্থে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পাংশা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সহায়তা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেলাই মেশিন পাওয়ার মাধ্যমে অসহায় নারীরা আয়মুখী কর্মকাণ্ডে যুক্ত হয়ে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারের আর্থিক উন্নয়নে অবদান রাখার সুযোগ পাবেন। একইভাবে হুইলচেয়ার বিতরণের ফলে প্রতিবন্ধী ব্যক্তিদের দৈনন্দিন চলাচলে কিছুটা হলেও সুবিধা হবে।

বিতরণ কার্যক্রমে পাংশা উপজেলার ৩ জন অসহায় নারীর মাঝে সেলাই মেশিন এবং ৮ জন দুস্থ প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রবিউল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, পৌর বিএনপির সভাপতি মো. বাহারাম হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

উপজেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন ও তাদের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন