সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় নোয়াখালীর উপকূলীয় ৪৫০ নারীকে প্রশিক্ষণ

জলবায়ু পরিবর্তনের কারণে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, বন্যা ও লবণাক্ততার ঝুঁকিতে থাকা নোয়াখালীর উপকূলীয় এলাকার ৪৫০ নারীকে দুর্যোগ মোকাবিলার কৌশল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক-প্রান (প্রান) এ কার্যক্রম পরিচালনা করছে।

জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) সহায়তায় গত ২৪ আগস্ট থেকে নোয়াখালী সদর, হাতিয়া ও সুবর্ণচর উপজেলার সমাজসেবা অধিদপ্তর পরিচালিত পল্লী মাতৃকেন্দ্রগুলোতে এ প্রশিক্ষণ কার্যক্রম চলছে। প্রতিটি কেন্দ্রে ৩০ জন করে মোট ৪৫০ নারী প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।

‘দুর্জয়ী’ মডিউলের আওতায় পরিচালিত এসব প্রশিক্ষণ সেশনে দুর্যোগের সময় নারী ও কিশোরীদের নিরাপত্তা, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, প্রজনন স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য এবং আশ্রয়কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

এ ছাড়া দুর্যোগের আগে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ, ঝুঁকি চিহ্নিতকরণ এবং জরুরি সহায়তা পাওয়ার উপায় সম্পর্কেও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দুর্যোগ-পরবর্তী সময়ে নারীদের জীবিকা ও আয় বৃদ্ধির বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। এ ক্ষেত্রে জলবায়ু সহনশীল কৃষি, পুষ্টিবাগান, হাঁস-মুরগি ও মাছ চাষ, দক্ষতা উন্নয়ন এবং বিভিন্ন আয়বর্ধক উদ্যোগ নিয়ে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হচ্ছে।

আয়োজকেরা জানান, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা অংশগ্রহণকারী নারীরা তাঁদের পরিবার ও স্থানীয় জনগোষ্ঠীর অন্যান্য সদস্যদের মধ্যে ছড়িয়ে দেবেন। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে দুর্যোগ প্রস্তুতি ও সাড়াদান কার্যক্রমে নারীদের অংশগ্রহণ বাড়ার পাশাপাশি নেতৃত্বের সক্ষমতাও আরও শক্তিশালী হবে।

প্রশিক্ষণ সেশনগুলোতে বিষয়ভিত্তিক রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করছেন প্রানের ডব্লিউএলসিসি ম্যানেজার শামীমা আক্তার অর্না, স্কিল বিল্ডিং ট্রেইনার শাহিনুর আক্তার, এমএইচপিএসএস ও জিবিভি কেস ওয়ার্কার সুমাইয়া আক্তার ও সিনথিয়া শর্নীল, মিডওয়াইফ জুঁই আক্তার এবং স্বেচ্ছাসেবক আয়েশা আক্তার।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন