ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনায় একচ্ছত্র সিদ্ধান্ত গ্রহণের বিরোধিতা এবং সততা, দক্ষতা ও পেশাদারিত্বের ভিত্তিতে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে পটুয়াখালীর বাউফলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বাউফল-কালাইয়া সড়কের সৌদিয়া মার্কেটের সামনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম, বাউফল উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ফোরামের নেতৃবৃন্দের মধ্যে নুর আলম ও হাফেজ রুহুল আমিন বক্তব্য দেন। এ সময় ইসলামী ব্যাংকের গ্রাহক, স্থানীয় সচেতন নাগরিক ও ফোরামের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, একটি ব্যাংকের সুষ্ঠু ও কার্যকর পরিচালনার জন্য স্বচ্ছতা, জবাবদিহিতা, দক্ষতা ও পেশাদারিত্ব নিশ্চিত করা জরুরি। গ্রাহকদের স্বার্থ রক্ষা, আমানতের নিরাপত্তা এবং ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে একটি পূর্ণাঙ্গ ও কার্যকর পরিচালনা পর্ষদ প্রয়োজন।
তারা আরও বলেন, ইসলামী ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ একটি আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনায় একচ্ছত্র সিদ্ধান্ত গ্রহণের পরিবর্তে নিয়মতান্ত্রিক ও অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা নিশ্চিত করা দরকার। পরিচালনা পর্ষদে যোগ্য, দক্ষ, সৎ ও অভিজ্ঞ ব্যক্তিদের অন্তর্ভুক্তিরও দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তারা গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ, আমানতের নিরাপত্তা, ব্যাংকিং সেবার মানোন্নয়ন এবং ব্যাংকের প্রতি সাধারণ মানুষের আস্থা বজায় রাখতে দ্রুত পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের আহ্বান জানান। একই দাবিতে দেশের বিভিন্ন স্থানেও ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে।
এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবি-সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ ও স্বাধীন পরিচালনা পর্ষদ গঠনের দাবি নিয়ে সচেতন গ্রাহক ফোরাম এর আগেও বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

