পাঁচ বছর পর জনগণের কাছে কাজের হিসাব দেওয়ার কথা বললেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম • বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবার পাচ্ছে ১ কোটি ৫৩ লাখ টাকা
নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বেহেশতের লোভ দেখিয়ে নয়, বিদ্যুৎ-গ্যাস, রাস্তাঘাট, শিক্ষা ও খেলাধুলাসহ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বাস্তব চিত্র তুলে ধরেই আগামী নির্বাচনে জনগণের কাছে ভোট চাইবে বিএনপি—এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেছেন, বর্তমান সরকারের মেয়াদ এখনো অল্প সময়ের। বিদ্যুৎ ও গ্যাসসহ বিভিন্ন খাতে পরিবর্তন আনতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। পাঁচ বছর পর জনগণের কাছে গিয়ে সরকারের কাজের হিসাব দেওয়া হবে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে চট্টগ্রাম জেলা পরিষদ।
বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবার পাচ্ছে ১ কোটি ৫৩ লাখ টাকা
অনুষ্ঠানে বাঁশখালীর সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবারকে ঘর পুনর্নির্মাণ ও পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তা দেওয়ার কার্যক্রম শুরু হয়। পরিবারপ্রতি ৩০ হাজার টাকা হিসাবে মোট ১ কোটি ৫৩ লাখ টাকা দেওয়ার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম জেলা পরিষদ।
জেলা পরিষদের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বন্যায় বাঁশখালীর ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় ৬০ শতাংশ এলাকা প্লাবিত হয়। ক্ষতিগ্রস্ত হয় ৪ হাজার ৫১৯টি ঘরবাড়ি।
প্রতিমন্ত্রী বলেন, আকস্মিক ভারী বর্ষণ ও বন্যায় বাঁশখালী, চন্দনাইশ ও সাতকানিয়ার মানুষ ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন ও সরকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। ত্রাণের সংকট দেখা দেওয়ার পর জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় বরাদ্দ আনার ব্যবস্থা করা হয় বলে জানান তিনি।
মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তিনি বাঁশখালী সফরে এসেছেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া সড়ক ৩৪ ফুট প্রশস্ত করার পরিকল্পনা
বাঁশখালীর অবকাঠামো উন্নয়ন নিয়েও অনুষ্ঠানে কথা বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। তিনি জানান, আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া সড়কটি ৩৪ ফুট প্রশস্ত করার জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কয়েকশ কোটি টাকা ব্যয়ের এ কাজ আগামী এক থেকে দেড় বছরের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে।
বাঁশখালীর আরও যেসব সড়ক সংস্কার বা নতুন করে নির্মাণ করা প্রয়োজন, সেগুলোর তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
দলীয় নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান
বিএনপির নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে মীর শাহে আলম বলেন, দীর্ঘদিন পর বিএনপি ক্ষমতায় এসেছে এবং সরকারের মেয়াদ এখনো অনেক বাকি। দলের কঠিন সময়ের নেতাকর্মীদের পর্যায়ক্রমে মূল্যায়ন করা হবে বলে জানান তিনি। আইন ও বিধিবিধানের মধ্যে থেকে চাকরি, বৈধ ডিলারশিপ ও কাজের সুযোগ দেওয়ার কথাও বলেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম। তিনি বলেন, বন্যার সময় থেকেই দুর্গত মানুষের পাশে কাজ করছে জেলা পরিষদ। বাঁশখালীর ৫১০ পরিবারকে সহায়তার পর পর্যায়ক্রমে চট্টগ্রামের আরও ৫৯০ পরিবারকে সহায়তা দেওয়া হবে।
চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা খন্দকার ইখতেখার উদ্দীন আরফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জাকারিয়া, স্থানীয় সরকার চট্টগ্রাম বিভাগের পরিচালক মনোয়ারা বেগম, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মো. মাসুদ আলম এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. ইদ্রিস মিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

