শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আগারগাঁওয়ে ডিবির অভিযানে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

রাজধানীর পশ্চিম আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা শাহ্ মোস্তফা আলমগীরকে (৫৫) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ডিবি গুলশান বিভাগের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি সূত্র জানায়, শাহ্ মোস্তফা আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্‌দীন হল শাখা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তী সময়ে তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

এ ছাড়া তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সহসম্পাদক এবং নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

ডিবির দাবি, সাম্প্রতিক সময়ে দেশে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে নিষিদ্ধ সংগঠনের পক্ষে বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে শাহ্ মোস্তফা আলমগীরের বিরুদ্ধে। তবে এসব অভিযোগের বিষয়ে তার বা তার আইনজীবীর কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন