শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গাইবান্ধায় বৈরী আবহাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

গাইবান্ধায় বৈরী আবহাওয়া ও টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃহস্পতিবার সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি থেমে থেমে বৃষ্টি হওয়ায় সাধারণ পথচারী, কর্মজীবী মানুষ ও যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। বৃষ্টির কারণে শহর ও গ্রামাঞ্চলের বিভিন্ন সড়কে চলাচলেও দেখা দিয়েছে ভোগান্তি।

বৃহস্পতিবার সকাল থেকে গাইবান্ধা সদরসহ সুন্দরগঞ্জ, সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় বৈরী আবহাওয়ার প্রভাব লক্ষ্য করা যায়। শহরের হকার্স মার্কেট, কাচারী বাজার, নতুন বাজার, পুরাতন বাজার, খানকাহ শরীফ, মান মোড়, মাস্টারপাড়া, মুন্সীপাড়া ও পূর্বপাড়াসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির মধ্যে প্রয়োজনীয় কাজে বের হওয়া মানুষের দুর্ভোগ ছিল চোখে পড়ার মতো।

গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে সড়কে রিকশা ও ইজিবাইকের সংখ্যা কমে যায়। এতে বিভিন্ন গন্তব্যের যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। যানবাহনের সংকটের সুযোগে কোনো কোনো চালক স্বাভাবিক সময়ের তুলনায় অতিরিক্ত ভাড়া দাবি করেছেন বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। যানবাহন না পেয়ে অনেককে বাধ্য হয়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর, শ্রমিক ও খেটে খাওয়া মানুষ। জীবিকার তাগিদে সকালেই কর্মস্থলের উদ্দেশ্যে বের হলেও বৃষ্টির কারণে অনেকে সময়মতো কাজে পৌঁছাতে পারেননি। কেউ কেউ কাজের সুযোগ হারিয়ে আর্থিক ক্ষতির মুখেও পড়েছেন।

এদিকে জেলার বিভিন্ন গ্রামীণ কাঁচা সড়কে বৃষ্টির পানিতে কাদা জমে চলাচল কঠিন হয়ে পড়েছে। শহরের নিচু ও ভাঙাচোরা সড়কের বিভিন্ন স্থানে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চলাচলের পাশাপাশি পথচারীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।

হঠাৎ বৃষ্টির কারণে অনেকেই ছাতা বা রেইনকোট সঙ্গে না থাকায় ভিজে গন্তব্যে যেতে বাধ্য হয়েছেন। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীরাও বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। রংপুর বিভাগসহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৈরী আবহাওয়ার কারণে জনজীবনে সৃষ্ট এই ভোগান্তি আরও কিছু সময় অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। বৃষ্টির সময় প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়া এবং বাইরে বের হলে ছাতা বা রেইনকোট সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন