সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

তেলের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে: গোলাম পরওয়ার

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের ওপর ব্যয়ের চাপ আরও বাড়বে এবং জনজীবনে নতুন করে সংকট তৈরি হবে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার দফায় দফায় জ্বালানি তেলের দাম বাড়িয়ে সাধারণ মানুষের ওপর ব্যয়ের বোঝা চাপিয়ে দিচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এমনিতেই নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ চাপে রয়েছে। এর মধ্যে লিটারপ্রতি ২০ টাকা করে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত তাদের দুর্ভোগ আরও বাড়াবে।

তিনি বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব শুধু মোটরযান ব্যবহারকারীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। জ্বালানি পরিবহন ও উৎপাদন ব্যবস্থার গুরুত্বপূর্ণ উপাদান হওয়ায় এর দাম বাড়লে কৃষি উৎপাদন, পণ্য পরিবহন, কলকারখানার উৎপাদন ব্যয় এবং ব্যবসা-বাণিজ্যের খরচও বেড়ে যাবে। এর প্রভাবে নিত্যপ্রয়োজনীয়সহ বিভিন্ন পণ্যের দাম বাড়তে পারে, যার চাপ শেষ পর্যন্ত সাধারণ জনগণকেই বহন করতে হবে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জনগণের ক্রয়ক্ষমতা, নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির আয় এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। আন্তর্জাতিক বাজারের অস্থিরতার দায় সরাসরি জনগণের ওপর চাপিয়ে দেওয়া জনকল্যাণমূলক নীতি হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

বিবৃতিতে তিনি জ্বালানি খাতে ব্যয় সংকোচন, অপচয় ও অনিয়ম বন্ধ, ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি এবং অপ্রয়োজনীয় ব্যয় কমানোর ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বাজারে পণ্যের মূল্য নিয়ন্ত্রণে কঠোর নজরদারি এবং মধ্যস্বত্বভোগীদের অনিয়ম বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, শুধু জ্বালানি তেলের দাম বাড়িয়ে সরকারি সংস্থার আর্থিক চাপ সামাল দেওয়ার চেষ্টা করা হলে এর দীর্ঘমেয়াদি প্রভাব সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর পড়বে। জনগণের দুর্ভোগ লাঘব করা সরকারের দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।

বিবৃতির শেষাংশে তিনি জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান।

উল্লেখ্য, ২১ সেপ্টেম্বর থেকে দেশে ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়েছে। নতুন দামে ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন