সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বিএমইউ হাসপাতালে নারী দালাল আটক, পুলিশের কাছে হস্তান্তর

রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে চিকিৎসা নিতে আসা সেবাপ্রত্যাশীদের বিভ্রান্ত করার অভিযোগে জাহানারা বেগম (৪২) নামে এক নারীকে আটক করেছে হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা অঙ্গীভূত আনসার সদস্যরা।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সোয়া ৯টার দিকে হাসপাতালের ক্যান্সার ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক সেবাপ্রত্যাশী জাহানারা বেগমের বিরুদ্ধে দালালি ও প্রতারণামূলক কর্মকাণ্ডের অভিযোগ করে হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা পিসি মো. সোহাগ শেখের কাছে জানান। অভিযোগ পাওয়ার পর আনসার সদস্যরা সেখানে তৎপর হন।

পরে অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করে আনসার সদস্যরা জাহানারা বেগমকে আটক করেন। এ সময় আনসার সদস্য মো. সালাম শেখ সহযোগিতা করেন।

পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনা ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করে আটক নারীকে শাহবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সরকারি হাসপাতালগুলোতে সেবাপ্রত্যাশীদের হয়রানি ও দালালদের তৎপরতা রোধে অঙ্গীভূত আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। এরই ধারাবাহিকতায় বিএমইউ হাসপাতালেও এ ধরনের অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন