পটুয়াখালীর বাউফল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ও সাবেক সহকারী পুলিশ সুপার (অব.) রিয়াজ খান পিপিএম পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। এ সময় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগকালে রিয়াজ খান পিপিএম ব্যবসায়ী, প্রবীণ ব্যক্তি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় স্থানীয় বাসিন্দারা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
গণসংযোগকালে তিনি পৌরসভার নাগরিকসেবার মানোন্নয়ন, রাস্তাঘাট সংস্কার ও উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন স্থানীয় সমস্যা নিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।
রিয়াজ খান পিপিএম বলেন, চাকরিজীবন শেষে এলাকার মানুষের পাশে থেকে সেবামূলক কাজ করার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। নির্বাচিত হলে পৌরবাসীর মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে নাগরিকসেবার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।
তিনি আরও বলেন, বাউফল পৌরসভাকে একটি পরিকল্পিত, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌরসভা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করার প্রতিশ্রুতি দেন তিনি।
গণসংযোগকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

