সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদারের অঙ্গীকার

সাইবার অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি ও প্রশিক্ষণ বিনিময়সহ নিরাপত্তা খাতে বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, আগামী অক্টোবরের শুরুতে তাঁর বাংলাদেশে দায়িত্ব পালনের মেয়াদ শেষ হবে। এ সময় তিনি চীনের মিনিস্টার অব পাবলিক সিকিউরিটির পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানান। পাশাপাশি চীনের পাবলিক সিকিউরিটি বিষয়ক ফোরামে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে স্বরাষ্ট্রমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ পৌঁছে দেন।

বৈঠকে আইনশৃঙ্খলা রক্ষায় প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং সাইবার অপরাধ মোকাবিলার ওপর গুরুত্ব দেওয়া হয়। রাষ্ট্রদূত জানান, গত দুই বছরে চীন বাংলাদেশের ১০০-এর বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে সাইবার ক্রাইম, পাবলিক সিকিউরিটি ম্যানেজমেন্ট, ট্রাফিক ও ট্রান্সপোর্টেশন ম্যানেজমেন্ট, ইমিগ্রেশন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ সহযোগিতার জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, বাংলাদেশ সরকার পুলিশ বাহিনীর জন্য একটি বিশেষায়িত ‘সাইবার সিকিউরিটি ইউনিট’ গঠন ও প্রয়োজনীয় অবকাঠামো তৈরির উদ্যোগ নিয়েছে। পাশাপাশি থানা, জেলা ও বিভাগীয় পর্যায় থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত ডিজিটাল ফরেনসিক ল্যাব ও সাইবার ল্যাব প্রতিষ্ঠার পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

সাইবার অপরাধ মোকাবিলায় চীনা বিশেষজ্ঞদের মাধ্যমে প্রযুক্তিগত অভিজ্ঞতা বিনিময় এবং ল্যাব পরিদর্শনের প্রস্তাব দেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এর পরিপ্রেক্ষিতে সিআইডির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চীনে পাঠানোর কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। প্রতিনিধি দলে একজন অতিরিক্ত আইজিপি, একজন অতিরিক্ত ডিআইজি এবং সাইবার ও ডিজিটাল ফরেনসিক বিষয়ে বিশেষজ্ঞ পুলিশ কর্মকর্তারা থাকবেন। দলটি চীনের সাইবার ল্যাব ও প্রযুক্তি পরিদর্শনের পর দেশে ফরেনসিক ল্যাব ও প্রয়োজনীয় সরঞ্জাম স্থাপনের বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব প্রস্তুত করবে।

বৈঠকে বাংলাদেশে কর্মরত চীনা নাগরিক, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তাঁদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানান। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিক, ব্যবসায়ী ও উন্নয়ন প্রকল্পে কর্মরতদের নিরাপত্তা নিশ্চিত করার সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে আইজিপি মো. আলী হোসেন ফকির, অতিরিক্ত আইজিপি ও সিআইডি প্রধান ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন