শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

দক্ষিণ পাইকপাড়ার সমস্যা সমাধানে ঐক্যের ডাক, নতুন সোসাইটি গঠনের সিদ্ধান্ত

অগ্রদূত সংসদের মতবিনিময় সভায় বাড়ির মালিকদের ঐকমত্য • দেলোয়ার হোসেন বাবুকে আহ্বায়ক করে কমিটি • নিরাপত্তা, মাদক-অপরাধ প্রতিরোধ ও নাগরিক সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ

প্রান্তকাল প্রতিবেদক

ঢাকা: রাজধানীর মিরপুর থানার অন্তর্গত দক্ষিণ পাইকপাড়ায় নিরাপত্তা, সামাজিক শৃঙ্খলা, মাদক ও অপরাধ প্রতিরোধসহ বিভিন্ন নাগরিক সমস্যা সম্মিলিতভাবে মোকাবিলায় বাইতুস সালাম জামে মসজিদ সংলগ্ন এলাকার বাড়ির মালিকদের নিয়ে একটি নতুন সোসাইটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দক্ষিণ পাইকপাড়ার ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন অগ্রদূত সংসদের উদ্যোগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় আয়োজিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় ৫০ বছর ধরে অগ্রদূত সংসদ দক্ষিণ পাইকপাড়ার সামাজিক ও নাগরিক উন্নয়ন, ক্রীড়া-সংস্কৃতির প্রসার এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে কাজ করে আসছে।

মতবিনিময় সভায় বাইতুস সালাম জামে মসজিদ সংলগ্ন এলাকার বিশিষ্টজন ও বাড়ির মালিকদের পাশাপাশি দক্ষিণ পাইকপাড়া সোসাইটি কাউন্সিলের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় দক্ষিণ পাইকপাড়ার সার্বিক নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা, মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধ, নাগরিক সমস্যা, পারস্পরিক সহযোগিতা এবং এলাকার বিভিন্ন সোসাইটি ও সামাজিক সংগঠনের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সোসাইটি গঠনে সর্বসম্মত ঐকমত্য

আলোচনায় অংশ নেওয়া বাড়ির মালিকরা মত দেন, এলাকার বিভিন্ন সমস্যা বিচ্ছিন্নভাবে মোকাবিলা না করে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা রক্ষার পাশাপাশি পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে একটি কার্যকর ও প্রতিনিধিত্বশীল সামাজিক কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় বাইতুস সালাম জামে মসজিদ সংলগ্ন এলাকার বাড়ির মালিকদের সমন্বয়ে একটি অরাজনৈতিক, সামাজিক ও জনকল্যাণমূলক সোসাইটি গঠনের বিষয়ে সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

সোসাইটি গঠনের প্রাথমিক কার্যক্রম সম্পন্ন করতে অগ্রদূত সংসদের সন্মানিত সভাপতি জনাব মোঃ দেলোয়ার হোসেন বাবুকে আহ্বায়ক করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

‘শুধু সভা নয়, সিদ্ধান্তের বাস্তবায়ন প্রয়োজন’

সভায় অগ্রদূত সংসদের সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন মিন্টু বলেন, দক্ষিণ পাইকপাড়ার বিভিন্ন সমস্যা নিয়ে অতীতেও একাধিকবার সভা ও আলোচনা হয়েছে। কিন্তু এসব উদ্যোগকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখলে সমস্যাগুলো একসময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং এর খেসারত পুরো সমাজকেই দিতে হবে।

তিনি বলেন, “দক্ষিণ পাইকপাড়া আমাদের সবার। এর সমস্যাও আমাদের সবার, আর সমাধানের দায়িত্বও আমাদের সবার। ব্যক্তি, দল, মত ও সংগঠনের সীমারেখার ঊর্ধ্বে উঠে এলাকার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

মোশাররফ হোসেন মিন্টু বলেন, অগ্রদূত সংসদ কোনো সোসাইটি বা সামাজিক সংগঠনের প্রতিদ্বন্দ্বী নয়। এলাকার সব সোসাইটি, সামাজিক সংগঠন, মুরব্বি, বাড়ির মালিক ও বাসিন্দাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে একটি নিরাপদ, পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ ও সামাজিকভাবে শক্তিশালী দক্ষিণ পাইকপাড়া গড়ে তোলাই সংগঠনটির লক্ষ্য।

নাম-সীমানা ও গঠনতন্ত্র ঠিক করবে আহ্বায়ক কমিটি

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী নবগঠিত আহ্বায়ক কমিটি যথাশীঘ্র প্রস্তাবিত সোসাইটির নাম ও ভৌগোলিক পরিধি নির্ধারণ, উদ্দেশ্য ও কর্মপরিধি চূড়ান্ত, সদস্য হওয়ার যোগ্যতা ও সদস্য কাঠামো নির্ধারণ এবং গঠনতন্ত্র ও নীতিমালার খসড়া প্রস্তুত করবে।

এ ছাড়া এলাকার বাড়ির মালিক ও বিশিষ্টজনদের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা করে পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামোর প্রস্তাব তৈরির দায়িত্বও কমিটিকে দেওয়া হয়েছে। এসব কাজ শেষ হলে একটি সাধারণ সভা আহ্বান করে প্রস্তাবগুলো অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। সাধারণ সভার মাধ্যমে পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে।

আহ্বায়ক কমিটি সোসাইটির স্থায়ী কার্যনির্বাহী কমিটি হিসেবে বিবেচিত হবে না; পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সম্পন্ন করাই হবে এর মূল দায়িত্ব।

আহ্বায়ক কমিটিতে যারা

আহ্বায়ক মোঃ দেলোয়ার হোসেন বাবু ছাড়াও কমিটির সদস্য হিসেবে রয়েছেন একেএম সেলিম, এ. কে. এম. সিদ্দিকুর রহমান সাদেক, মোঃ নাজিম উদ্দিন, আব্দুল ওয়াদুদ খান, মোঃ এনামুল হক এবং মোঃ আক্তারুজ্জামান দীপু।

পরামর্শক হিসেবে রয়েছেন আলহাজ্জ মোঃ মোহর আলী, মোঃ আহসান হাবিবুল্লাহ্, ড. মোঃ নাসিমুল গণি, মোঃ আবুল মাকসুদ, মোঃ মহিউদ্দিন ভূঁইয়া এবং আব্দুল মান্নান।

সমন্বিতভাবে কাজ করার প্রত্যয়

সভায় উপস্থিত ব্যক্তিরা আশা প্রকাশ করেন, নতুন সোসাইটি অগ্রদূত সংসদ, দক্ষিণ পাইকপাড়া সোসাইটি কাউন্সিল এবং এলাকার অন্যান্য সোসাইটি ও সামাজিক সংগঠনের সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ভিত্তিতে কাজ করবে।

তারা দক্ষিণ পাইকপাড়ার দীর্ঘদিনের সামাজিক ঐক্য ও পারস্পরিক সহযোগিতার ধারা আরও শক্তিশালী করার পাশাপাশি নিরাপত্তা, পরিচ্ছন্নতা, মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধসহ চিহ্নিত সমস্যাগুলোর বাস্তবসম্মত সমাধানে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভা শেষে উপস্থিত অতিথি ও সুধীজনদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন