শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গভীর রাতে বাস কাউন্টার ভাঙার চেষ্টা, আনসারের তৎপরতায় আটক ৩

রাজধানীর হাতিরঝিলে বাস কাউন্টার ভেঙে চুরির চেষ্টাকালে তিনজনকে হাতেনাতে আটক করেছে টহলরত আনসার সদস্যরা। পরে আটক ব্যক্তিদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাতিরঝিল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক আড়াইটার দিকে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) পশ্চিম জোনের হাতিরঝিল থানাধীন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) হাতিরঝিল মহানগর-২ নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে।

আনসার সূত্রে জানা যায়, গভীর রাতে তিন ব্যক্তি একটি বাস কাউন্টার ভেঙে চুরির চেষ্টা করছিলেন। এ সময় ওই এলাকায় টহলরত আনসার সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে তাদের ঘটনাস্থল থেকেই হাতেনাতে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—কামরুল (২১), পিতা জাকির; মো. আসিক (১৮), পিতা মনির এবং মো. শামীম (১৯), পিতা মনিরুল ইসলাম। তারা সবাই রাজধানীর হাতিরঝিলের মধুবাগ এলাকার বাসিন্দা।

ঘটনার সময় দায়িত্বে ছিলেন এপিসি শেখ রাসেল, আনসার মো. মিজানুর রহমান ও আনসার মো. মাইমুন ইসলাম। তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে চুরির চেষ্টা প্রতিহত করে তিনজনকে আটক করেন।

পরবর্তীতে সংস্থা কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আটক তিনজনকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাতিরঝিল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সংশ্লিষ্টরা জানান, রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা ও জননিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যরা নিয়মিত টহল ও সতর্কতামূলক দায়িত্ব পালন করে আসছেন। দায়িত্ব পালনের সময় তাৎক্ষণিকভাবে অপরাধ শনাক্ত ও প্রতিরোধে তাদের তৎপরতা জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন