৮ সেপ্টেম্বরের মারধরের ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২১ সেপ্টেম্বর মারা যান শরিফুল ইসলাম অরুন
রাজধানীর যাত্রাবাড়ীতে মুখে শিষ দেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে শরিফুল ইসলাম অরুন নামে এক ব্যক্তিকে মারধর ও পরে তার মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার দুজন হলেন ছিদ্দিক শেখ (৪৪) ও মো. আল আমিন (৪০)।
যাত্রাবাড়ী থানা পুলিশ জানায়, গত ৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে যাত্রাবাড়ীর গোবিন্দপুর জিয়া সরণি রোডের ২৭/৮ নম্বর এলাকায় মুখে শিষ দেওয়াকে কেন্দ্র করে শরিফুল ইসলাম অরুনের সঙ্গে কয়েকজনের কথা কাটাকাটি হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে মামলার এজাহারে নাম থাকা ৯ জনসহ অজ্ঞাত আরও ১৫ থেকে ২০ জন অরুনকে কিল-ঘুসি ও লাথি মেরে গুরুতর আহত করেন।
পরে আহত অরুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২১ সেপ্টেম্বর তার মৃত্যু হয়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা করা হয়।
মামলার তদন্তের ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা ৫ মিনিটে যাত্রাবাড়ী থানা পুলিশের একটি দল শনিরআখড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে মামলার এজাহারভুক্ত আসামি ছিদ্দিক শেখ ও মো. আল আমিনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত এবং অন্য আসামিদের বিষয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

