শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বিয়ানীবাজারে ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ময়মনসিংহের যুবক গ্রেপ্তার

সিলেটের বিয়ানীবাজারে পুলিশের চেকপোস্টে তল্লাশি চালিয়ে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুবেল আহাম্মদ (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার চারখাই ইউনিয়নের কচকটখা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বিয়ানীবাজার থানা পুলিশ। বিষয়টি বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পুলিশ সূত্রে জানা গেছে।

গ্রেপ্তার রুবেল আহাম্মদ ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার দানিখোলা মোড় এলাকার বাসিন্দা। তার বাবার নাম রুস্তম আলী এবং মায়ের নাম আনোয়ারা বেগম।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে বিয়ানীবাজার থানার একটি অভিযানিক দল উপজেলার ২ নম্বর চারখাই ইউনিয়নের কচকটখা এলাকায় চারখাই ইউনিয়ন পরিষদের সামনে জকিগঞ্জ-সিলেটগামী পাকা সড়কে চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহভাজন হিসেবে রুবেল আহাম্মদকে থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে তার কাছ থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে মাদকসহ গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় বিয়ানীবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলাটি বিয়ানীবাজার থানার মামলা নম্বর-৩৪/২৩৫, তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২৬।

পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের অবৈধ সরবরাহ ও পরিবহন প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন