শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

৯৯৯-এ ফোন, ১৫ মিনিটে দাউদকান্দি হাইওয়ে থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঢাকার ডেমরা থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল মাত্র ১৫ মিনিটের মধ্যে কুমিল্লার দাউদকান্দি হাইওয়ে থেকে উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। এ সময় মোটরসাইকেলটি নিয়ে পালানোর চেষ্টাকালে সাব্বির (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার ডেমরা থানাধীন ইসলামবাগ পশ্চিমপাড়া থেকে মো. লিটন নামে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে তার মোটরসাইকেল চুরির বিষয়টি জানান। তার চুরি যাওয়া FZ Fazer মোটরসাইকেলটির নম্বর ঢাকা মেট্রো-ল-৫১-৫৭১৩। মোটরসাইকেলটিতে থাকা জিপিএস ট্র্যাকারের মাধ্যমে তিনি দেখতে পান, সেটি কুমিল্লার দাউদকান্দি হয়ে চট্টগ্রামমুখী হাইওয়েতে চলাচল করছে।

এ সময় কলার দ্রুত মোটরসাইকেলটি উদ্ধারের জন্য ৯৯৯-এর সহযোগিতা চান। পরে ৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি কুমিল্লা হাইওয়ে কন্ট্রোলরুমে জানানো হয়।

৯৯৯-এর কলটেকার কনস্টেবল হারুনুর রশিদ কলটি গ্রহণ করেন। পরে উদ্ধার তৎপরতার বিষয়টি সংশ্লিষ্ট হাইওয়ে পুলিশের সঙ্গে সমন্বয় ও তদারকি করেন ৯৯৯-এর ডিসপাচার এএসআই আব্দুস শহীদ।

৯৯৯ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে দাউদকান্দি হাইওয়ে থানার পুলিশ সদস্যরা কুমিল্লা হাইওয়ের ওপর ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলটি থামানোর চেষ্টা করেন। তবে মোটরসাইকেলটি ব্যারিকেড অতিক্রম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে হাইওয়ে পুলিশ পেছন থেকে ধাওয়া করে শহিদনগর এলাকায় মোটরসাইকেলটি উদ্ধার করে এবং সাব্বিরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার সাব্বির (২৪) ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার আয়ুবপুর দাসকান্দি গ্রামের মানিক মিয়া স্বর্ণকারের ছেলে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া দাউদকান্দি হাইওয়ে থানার সার্জেন্ট মো. সাইফুল ইসলাম জাতীয় জরুরি সেবা ৯৯৯-কে বিষয়টি নিশ্চিত করেছেন।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কর্মকর্তারা জানান, জিপিএস প্রযুক্তির মাধ্যমে চুরি যাওয়া মোটরসাইকেলটির অবস্থান শনাক্ত হওয়ার পর দ্রুত সংশ্লিষ্ট হাইওয়ে পুলিশকে তথ্য দেওয়ায় অল্প সময়ের মধ্যেই এটি উদ্ধার করা সম্ভব হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন