২০৩০ সালের মধ্যে সবুজ বিনিয়োগেই ১৭২ বিলিয়ন ডলারের সুযোগ
বস্ত্র, ওষুধ, অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, কৃষিভিত্তিক ব্যবসা, তথ্যপ্রযুক্তি, লজিস্টিকস ও ভোগ্যপণ্য—বাংলাদেশের এই আট খাতে বড় ধরনের বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা দেখছেন স্পেনের ব্যবসায়ী ও উদ্যোক্তারা।
স্পেনের মাদ্রিদে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ‘বাংলাদেশ: এ স্ট্র্যাটেজিক পার্টনার ইন দ্য গ্লোবাল ইকোনমি’ শীর্ষক সেমিনারে বাংলাদেশের বাজার ও বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরে এসব কথা বলেন মাদ্রিদ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট অ্যাঞ্জেলো আসেন্সিয়ো।
বাংলাদেশকে এশিয়ার একটি গুরুত্বপূর্ণ উদীয়মান বাজার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দেশটির অর্থনীতিতে বিভিন্ন খাতে বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ রয়েছে।
অ্যাঞ্জেলো আসেন্সিয়োর দেওয়া তথ্য অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্য অংশীদার। ২০২৫ সালে দুই পক্ষের বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ২৩ দশমিক ৩ বিলিয়ন ইউরো।
সেমিনারে বিশেষভাবে বাংলাদেশের সবুজ বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরা হয়। মাদ্রিদ চেম্বারের প্রেসিডেন্ট বলেন, ২০১৮ থেকে ২০৩০ মেয়াদে গ্রিন বিল্ডিং, পরিবহন, জলবায়ু-সহনশীল কৃষি, অবকাঠামো ও বর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাতে প্রায় ১৭২ বিলিয়ন মার্কিন ডলারের গ্রিন ইনভেস্টমেন্টের সুযোগ রয়েছে।
একই সঙ্গে রপ্তানি বহুমুখীকরণকে বাংলাদেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ ও নতুন সম্ভাবনার ক্ষেত্র হিসেবে উল্লেখ করেন তিনি।
সেমিনারে ইউরোপীয় ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।
তিনি বলেন, বাংলাদেশ সরকার বিদেশি বিনিয়োগ উৎসাহিত করছে। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি, লজিস্টিকস ও অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়ানোর সুযোগ রয়েছে।
ফজলুল হকের ভাষ্য অনুযায়ী, এসব খাতে বিনিয়োগকারীদের বিনামূল্যে জমি দেওয়ার মতো সুবিধা চালুর পরিকল্পনাও রয়েছে। এমন ব্যবস্থায় উৎপাদিত বিদ্যুৎ সরকার নির্ধারিত মূল্যে কেনার সুযোগ থাকতে পারে বলে তিনি জানান।
সেমিনারে স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মাসুদুর রহমান উপস্থিত ছিলেন। প্যানেল আলোচনায় অংশ নেন ইউরোচ্যাম বাংলাদেশের প্রেসিডেন্ট নুরিয়া লোপেজ, আন্তর্জাতিক বাণিজ্য পরামর্শক পাবলো আরাউজো, মলিন্সের এশিয়া ও আফ্রিকার নির্বাহী ভাইস প্রেসিডেন্ট তারেক এলবা এবং রিকভারের সাসটেইনেবিলিটি বিভাগের গ্লোবাল ডিরেক্টর আনা রোডেস।
এ ছাড়া এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীর, সংগঠনটির সফররত ব্যবসায়ী প্রতিনিধি দল এবং মাদ্রিদ চেম্বার অব কমার্স ও ইউরোচ্যাম বাংলাদেশের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, শিল্প-সংযোগ তৈরি এবং সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণের লক্ষ্যে গত ২৩ সেপ্টেম্বর ১১ দিনের ইউরোপ সফর শুরু করেছে এফবিসিসিআইয়ের ২৬ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।

