নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে ডিবি–থানার দুই ঘণ্টার অভিযান • ১৫ ইয়াবা উদ্ধারের দাবি • এক মাসে শতাধিক গ্রেফতার
নওগাঁ প্রতিনিধি: নওগাঁ শহরের নুনিয়াপট্টি ও সুইপার কলোনি এলাকায় মাদকবিরোধী যৌথ অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও নওগাঁ সদর থানা পুলিশ। এ সময় একজনের কাছ থেকে ১৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে মাদক ব্যবসা দমনে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। রাত ৯টা থেকে প্রায় দুই ঘণ্টা নওগাঁ ডিবি ও সদর থানা পুলিশ যৌথভাবে অভিযান চালায়।
পুলিশ জানায়, অভিযানে নওগাঁ সুইপার কলোনির বাসিন্দা লীলা বাঁশফোরকে (৪৫) আটক করা হয়। তার কাছ থেকে ১৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধারের দাবি করেছে পুলিশ।
একই অভিযানে মাদক সেবন এবং জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে আরও আটজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন—মহাদেবপুরের হরশি মধ্যপাড়ার মো. কালাম (৪৭), নওগাঁ সদরের গোমরদহ ব্রিজ এলাকার মো. সুইট (৩২), দিনাজপুর সদরের মোস্তফাবাদের শ্রী রতন (৪৭), ভোলা সদরের গজারিয়া বাজার এলাকার মো. সালাউদ্দিন (২৩), নওগাঁ সদরের চক এনায়েত মাস্টারপাড়ার মো. নাহিদ ইসলাম (৩৯), হাট নওগাঁ এলাকার মো. আরিফ হোসেন (৩০), পিরোজপুর উত্তরপাড়ার মো. রিকো (৩৯) এবং বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পশ্চিমপাড়ার মো. জাফর আলী (৩৬)।
পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযানের সময় তাদের মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায় এবং জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগও রয়েছে।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা করা হয়েছে।
এক মাসে ১০ অভিযান, গ্রেফতার শতাধিক: পুলিশ
পুলিশ জানিয়েছে, নওগাঁ শহরের সুইপার কলোনি ও নুনিয়াপট্টি এলাকাকে মাদকমুক্ত করার লক্ষ্যে গত এক মাসে আনুমানিক ১০টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে বিভিন্ন ধরনের মাদক উদ্ধারের পাশাপাশি শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে মাদক কেনাবেচা ও সেবন বন্ধে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে জেলা পুলিশ। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এলাকাগুলোকে মাদকমুক্ত করতে ধারাবাহিক নজরদারি ও অভিযান চালানো হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

