শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

পল্লবীতে ভোররাতে অগ্নিকাণ্ড, আনসারদের তৎপরতায় রক্ষা পেল ভবন

রাজধানীর পল্লবীতে পাঁচতলা একটি ভবনের নিচতলায় ভোররাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন দ্রুত পাশের আরেকটি কক্ষে ছড়িয়ে পড়লেও দুয়ারীপাড়া ওয়াসা আনসার গার্ডের সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোররাত আনুমানিক দেড়টার দিকে পল্লবী থানার দুয়ারীপাড়া ওয়াসা আবাসিক এলাকার পাঁচতলা ‘চামেলী ভবন’-এর নিচতলার একটি কক্ষে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের আরেকটি কক্ষেও ছড়িয়ে পড়ে।

আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুয়ারীপাড়া ওয়াসা আনসার গার্ডের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। এপিসি মো. মাঈন উদ্দিনের নেতৃত্বে আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে প্রাথমিক কার্যক্রম শুরু করেন।

পরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে আনসার সদস্যরা আগুন নিয়ন্ত্রণে সম্মিলিতভাবে কাজ চালিয়ে যান। এ সময় আনসার সদস্য মো. আল-আমিন ও রাজু মণ্ডল ঝুঁকি নিয়ে আগুন নিয়ন্ত্রণে সক্রিয়ভাবে অংশ নেন।

প্রায় এক ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টার পর ভোররাত আনুমানিক আড়াইটার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এতে আগুন আর ভবনের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারেনি।

প্রাথমিকভাবে রান্নাঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে দুটি কক্ষের আসবাবপত্র পুড়ে গেলেও আনসার সদস্যদের সময়োচিত তৎপরতায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফলে ভবনটি বড় ধরনের ক্ষয়ক্ষতি ও সম্ভাব্য বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সংশ্লিষ্টরা জানান, দায়িত্ব পালনকালে জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিয়ে জননিরাপত্তা নিশ্চিত করতে অঙ্গীভূত আনসার সদস্যরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করে থাকেন। পল্লবীর এ ঘটনায়ও তাদের তাৎক্ষণিক উদ্যোগ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন