অনুসরণ করুন:
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের অংশগ্রহণ, প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

চার দিনের সফরে ৩২ আন্তর্জাতিক কর্মসূচি; ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ১০ আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের অংশগ্রহণ এবং সফরকালে বিভিন্ন উচ্চপর্যায়ের আন্তর্জাতিক কর্মসূচিতে দেশের প্রতিনিধিত্বের জন্য প্রধানমন্ত্রীসহ বাংলাদেশ প্রতিনিধিদলকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২২তম বৈঠকে এ অভিনন্দন জানানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তির বরাতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।

চার দিনের সফরে প্রধানমন্ত্রী মোট ৩২টি আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নেন। গত ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে তিনি প্রথমবারের মতো ভাষণ দেন। পাশাপাশি সাতটি উচ্চপর্যায়ের সভায় বক্তব্য রাখেন।

সফরকালে প্রধানমন্ত্রী ১১টি দেশের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এ ছাড়া জাতিসংঘসহ ১০টি আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তাঁর বৈঠক অনুষ্ঠিত হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের ভাষ্য অনুযায়ী, জাতিসংঘের মঞ্চে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে সরকারের অঙ্গীকার ও প্রত্যাশা তুলে ধরা হয়েছে। সরকার মনে করছে, এসব বৈঠক ও আলোচনা বাংলাদেশের দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণে ভূমিকা রাখবে।

একই পরিবারের তিন সদস্যের জাতিসংঘে ভাষণ

মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণের সঙ্গে তাঁর বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্বের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

১৯৮০ সালের ২৬ আগস্ট জাতিসংঘ সাধারণ পরিষদের ১১তম বিশেষ অধিবেশনে বাংলাদেশের পক্ষে ভাষণ দিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরে ১৯৯৩ সালের ১ অক্টোবর সাধারণ পরিষদের ৪৮তম অধিবেশনে ভাষণ দেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

এর ধারাবাহিকতায় ২০২৬ সালের ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একই পরিবারের তিন সদস্যের বিভিন্ন সময়ে জাতিসংঘ সাধারণ পরিষদে নিজ দেশের প্রতিনিধিত্বের ঘটনাকে মন্ত্রিপরিষদ বিভাগ ‘বিশ্ব ইতিহাসে অনন্য ঘটনা’ হিসেবে উল্লেখ করেছে।

মন্ত্রিসভা বলেছে, এবারের অধিবেশনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের অংশগ্রহণ দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ ঘটনা। এ প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়া বাংলাদেশ প্রতিনিধিদলকে অভিনন্দন জানানো হয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন