সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষকদের দক্ষতা উন্নয়ন নিয়ে আলোচনা; জাতীয় জাদুঘরে সাংস্কৃতিক অংশীদারত্বের উদ্যোগেও অংশগ্রহণ
বাংলাদেশ সফরে এসে ব্যস্ত সময় পার করছেন ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্কট ম্যাকডোনাল্ড। সফরের প্রথম দিনে তিনি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
ব্রিটিশ কাউন্সিলের প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রথম দিনের কর্মসূচির অংশ হিসেবে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন স্কট ম্যাকডোনাল্ড। আলোচনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের দক্ষতা বিকাশের বিষয়টি গুরুত্ব পায়।
সফরের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় জাদুঘরে আয়োজিত একটি সাংস্কৃতিক অংশীদারত্ব-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানেও যোগ দেন ব্রিটিশ কাউন্সিলের সিইও। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে শিক্ষা ও সংস্কৃতিভিত্তিক সহযোগিতা সম্প্রসারণের প্রেক্ষাপটে এ কর্মসূচিতে অংশ নেন তিনি।
দিনের আরেকটি কর্মসূচিতে বাংলাদেশের শিক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান ১০ মিনিট স্কুলের সহপ্রতিষ্ঠাতা আয়মান সাদিক ও মুনজেরিন শহীদের সঙ্গে কথা বলেন স্কট ম্যাকডোনাল্ড। এ সময় শিক্ষা ও ডিজিটাল শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে মতবিনিময় হয় বলে ব্রিটিশ কাউন্সিল জানিয়েছে।
এ ছাড়া ব্রিটিশ কাউন্সিলের বিভিন্ন অনুদান কর্মসূচির সঙ্গে যুক্ত ব্যক্তি এবং যুক্তরাজ্যে পড়াশোনা করা বাংলাদেশি অ্যালামনাইদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি। তাদের বিভিন্ন উদ্যোগ, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে গড়ে ওঠা পেশাগত ও প্রাতিষ্ঠানিক সংযোগ এবং চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত হন ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী।
ব্রিটিশ কাউন্সিল জানিয়েছে, বাংলাদেশ সফরের পরবর্তী দিনেও স্কট ম্যাকডোনাল্ডের একাধিক কর্মসূচি রয়েছে।
শিক্ষা, সংস্কৃতি ও পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের সহযোগিতার ধারাবাহিকতায় ব্রিটিশ কাউন্সিলের শীর্ষ নির্বাহীর এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

