মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের বৈঠক

বিশেষায়িত পুলিশ ইউনিটের সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ত্রিশিতা মওলার নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল। বৈঠকে বিশেষায়িত পুলিশ ইউনিটের সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং দুই পক্ষের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ডিএমপি কমিশনারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে হাইতিতে জিএসএফ মিশনে ডিএমপির সোয়াট (SWAT) সদস্য ও বোম্ব টেকনিশিয়ান সরবরাহের জন্য ডিএমপি কমিশনারকে ধন্যবাদ জানায় মার্কিন প্রতিনিধিদল। ভবিষ্যতেও প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহের কথা জানান প্রতিনিধিদলের সদস্যরা।

রাজধানীর কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদারে স্পিয়ার (SPEAR) টিম গঠনের উদ্যোগেরও প্রশংসা করেন তারা।

অন্যদিকে ডিএমপি কমিশনার সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট (BDU) এবং কে-নাইন (K-9) টিমের মতো বিশেষায়িত ইউনিটের সক্ষমতা তৈরিতে সহায়তা এবং বাংলাদেশে উগ্রবাদ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সহযোগিতার জন্য প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান।

সাক্ষাৎ শেষে মার্কিন প্রতিনিধিদলের সদস্যরা ডিএমপির সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও কে-নাইন টিমের কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় বিশেষায়িত ইউনিটগুলোর কার্যক্রম, সক্ষমতা এবং ব্যবহৃত বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে তাদের অবহিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মার্কিন প্রতিনিধিদলে আরও ছিলেন আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা ও ভারপ্রাপ্ত উপমিশন প্রধান লোগান কলিন্স, সহকারী আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা স্টুয়ার্ট সুলিভান এবং জ্যেষ্ঠ নিরাপত্তা তদন্ত কর্মকর্তা জাহিদ হাবিব।

ডিএমপির পক্ষে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) মো. আবুল বাশার তালুকদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) মোহাম্মদ ওসমান গণি, পিপিএমসহ সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও কে-নাইন টিমের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন