রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ঢাবিতে বিশ্ব পর্যটন দিবস পালিত

বর্ণাঢ্য র‌্যালি ও সেমিনারের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিশ্ব পর্যটন দিবস ২০২৬ পালিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এবারের বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্য—‘ডিজিটাল এজেন্ডা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পর্যটনকে নতুনভাবে রূপদান’। প্রযুক্তির দ্রুত বিকাশ ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার পর্যটন খাতের পরিকল্পনা, সেবা ও পর্যটকদের অভিজ্ঞতায় নতুন সম্ভাবনা তৈরি করছে।

দিবসটির কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এতে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম নেতৃত্ব দেন।

র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশ নেন।

পরে বিশ্ববিদ্যালয়ের ডব্লিউ. এ. জনকিন্স ভার্চুয়াল ক্লাসরুমে বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্যের ওপর একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, পর্যটন খাতের পরিবর্তনশীল চাহিদা এবং ভবিষ্যৎ পর্যটনে প্রযুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

বিশ্ব পর্যটন দিবস প্রতিবছর ২৭ সেপ্টেম্বর পালিত হয়। বাংলাদেশেও এ উপলক্ষে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এ বছর জাতীয় পর্যায়েও র‌্যালি, সাইকেল শোভাযাত্রা, সেমিনার, প্রদর্শনীসহ সপ্তাহব্যাপী নানা আয়োজন রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত কর্মসূচির মাধ্যমে পর্যটন খাতের উন্নয়ন ও বিকাশে আধুনিক প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ব্যবহারের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন